আজকাল ওয়েবডেস্ক: সেনেগাল জাতীয় ফুটবল দলে বড় সঙ্কট। অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর  ঘোষণা করলেন আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালের নায়ক পাপে গেয়ে। বেলজিয়ামের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায়ের পরই বুধবার ইনস্টাগ্রামে তিনি এই সিদ্ধান্ত জানান।

গেয়ে লিখেছেন, ''বর্তমান টেকনিক্যাল স্টাফ থাকলে আমি জাতীয় দলে ফিরব না।''  সরাসরি কোচিং স্টাফের প্রতি তাঁর অসন্তোষের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। 

ম্যাচ শেষে কোচ পাপে থিয়া জানিয়েছেন, গেয়েকে দ্বিতীয়ার্ধে ক্লান্ত মনে হওয়ায় বদলি করা হয়েছিল, তবে পাপে গেয়ে নিজে জানিয়েছেন তিনি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট ছিলেন।

ম্যাচে সেনেগাল এগিয়ে থাকলেও নাটকীয়ভাবে ম্যাচ ঘুরে যায়। পাপে গেয়ে  আগের বছর বিতর্কিত এক আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে  গোল করেছিলেন। এবারের আসরে প্রথম দুই ম্যাচে খেললেও পরে একাদশ থেকে বাদ পড়েন। দলের অভ্যন্তরীণ নানা সমস্যা বোনাস বিতর্ক, চুক্তিগত জটিলতা এবং ক্যাম্পের ব্যবস্থাপনাগত অভিযোগ নিয়ে আগে থেকেই সমস্যা চলছিল সেনেগাল শিবিরে।

বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই পাপে গেয়ের সরে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু সেনেগাল ফুটবল ফেডারেশনের উপরে চাপ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।