আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ থেকে ইকুয়েডরের বিদায়ের পর দলের প্রধান কোচ সেবাস্তিয়ান বেকাসেসে জানিয়ে দেন, তিনি কোচের চেয়ার ছাড়ছেন।
রাউন্ড অব ৩২-তে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইকুয়েডর। ম্যাচ শেষে বেকাসেসে বলেন, ''আজ সময় এসেছে এই সুন্দর, অসাধারণ পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার। আমি গভীর কৃতজ্ঞতা, শান্তি এবং তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি।''
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় পেয়েছিল ইকুয়েডর। সেই জয়ের সুবাদে ২০ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউট পর্বে জায়গা করে নেয় তারা। দলের সাফল্যে দেশের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া জাতীয় ছুটিও ঘোষণা করেছিলেন।
তবে মেক্সিকোর বিরুদ্ধে সেই লড়াকু মনোভাব দেখাতে পারেনি ইকুয়েডর। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা।
বেকাসেসে বলেন, ''ফুটবল এমনই। শেষ পর্যন্ত ফলাফলই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মেক্সিকোর বিরুদ্ধে প্রথমার্ধ আমাদের জার্নির চবি ছিল না। জীবনও অনেকটা এমন, কখনও কখনও খারাপ মুহূর্ত আসে। আমাদের এই দুঃখ নিয়ে বিদায় নিতে হবে, তবে একই সঙ্গে গর্বও আছে, কারণ এই দলের খেলোয়াড়রা যে নিষ্ঠা দেখিয়েছে, তার ফল ভবিষ্যতে পাওয়া যাবে।''
২০২৪ সালের আগস্টে ইকুয়েডরের দায়িত্ব নেওয়া বেকাসেসের অধীনে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার পর দ্বিতীয় স্থানে থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল।
বিদায়বেলায় তিনি বলেন, ''এটা ছিল আড়াই বছরের কঠোর পরিশ্রমের পথচলা। আমরা সততার সঙ্গে নিজেদের উজাড় করে দিয়েছি। অনেক খেলোয়াড় প্রথমবারের মতো জাতীয় দল ও বিশ্বকাপে খেলেছে। বাছাইপর্ব এবং প্রস্তুতি পর্বে আমরা দারুণ ফল পেয়েছি। বিশ্বকাপের গ্রুপ পর্বেও আমাদের দল অসাধারণ ছিল।''















