আজকাল ওয়েবডেস্ক: ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে বড় ঘোষণা করল কেরল সরকার। প্রশাসনের তরফে সোমবার রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
জানানো হয়েছে, ভারতীয় সময় রবিবার মধ্যরাতে বিশ্বকাপ ফাইনাল যাতে সবাই সমানভাবে এনজয় করতে পারেন সে কারণেই এই সিদ্ধান্ত। কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন নির্দেশিকা মারফত ঘোষণা করেছেন, রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং পেশাদারি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে।
তবে আগে থেকেই নির্ধারিত সমস্ত পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়া হবে। বিশ্বকাপ ফাইনালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণার দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। বিরোধী দল-সহ বিভিন্ন মহল ছাত্রছাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছিল।
প্রাক্তন শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টিও বলেছিলেন, ফাইনাল ম্যাচ গভীর রাত পর্যন্ত চলবে। ফলে যাঁরা রাত জেগে খেলা দেখবেন তাঁদের পরের দিন সকালে স্কুল-কলেজে উপস্থিত হওয়া অত্যন্ত কঠিন হবে।
সেই বিষয়টি বিবেচনা করেই রাজ্য সরকার সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগে থেকে নির্ধারিত পরীক্ষাগুলি নির্ধারিত সময়েই নেওয়া হবে।
উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনাল মানেই শুধু ৯০ মিনিটের ফুটবল নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের এক বর্ণাঢ্য উৎসবও। আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালকে ঘিরে এবার থাকছে একাধিক নতুনত্ব।
সমাপ্তি অনুষ্ঠান, বিশ্বকাপের ইতিহাসে প্রথম হাফটাইম শো, নতুন বিশেষ পুরস্কার এবং জমকালো ট্রফি, সব মিলিয়ে দিনটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে।
ভারতীয় সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে রাত ১১টায়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। এরপর মঞ্চে পারফর্ম করবেন রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে যুক্ত হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো।
প্রায় ১১ মিনিটের এই বিশেষ পরিবেশনায় অংশ নেবেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
তবে মূল অনুষ্ঠান ১১ মিনিটের হলেও মঞ্চ তৈরি ও সরিয়ে নেওয়ার সময় মিলিয়ে বিরতি ২০ থেকে ২৫ মিনিট, এমনকি তারও বেশি দীর্ঘ হতে পারে। যদিও আন্তর্জাতিক ফুটবল সংস্থা আইএফএবির নিয়ম অনুযায়ী হাফটাইমের বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হওয়ার কথা।
















