আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের সামনে কার্যত উড়ে গিয়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিটে স্পেনের গোল লক্ষ্য করে কোনও শট রাখতে পারেননি মেসিরা। গোটা ম্যাচে মেরেকেটে দুটো শট তাও অফ টার্গেট।

আর্জেন্টিনার হারে বিশ্বজুড়ে সমর্থকরা ভেঙে পড়েছেন। এবার মেসিদের হারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শতদ্রু দত্তও। তিনি বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। জানা গিয়েছে, মেসিকে যাতে ফের কলকাতায় আনা যায় সে কারণেই মার্কিন মুলুকে গিয়েছেন তিনি।

লিও-র বাবা জর্জ মেসি এবং মেসির ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে কথা বলতে পারেন তিনি। এই পরিস্থিতিতে আর্জেন্টিনা হারায় শতদ্রু ফেসবুকে পোস্ট করে লিখলেন, ‘বছরটা নীল-সাদার নয়।’

মনে করা হচ্ছে, এই পোস্টের মাধ্যমে শতদ্রু কটাক্ষ করেছেন বাংলার তৃণমূল কংগ্রেস সরকারকেও। মমতার সরকারের আমলে রাজ্যে প্রতীকী রং নীল-সাদাই ছিল। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটেছে, ক্ষমতায় এসেছে বিজেপি সরকার।

তারপর থেকে মেসি কাণ্ড নিয়ে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন শতদ্রু। অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বার্সা স্ট্রাইকারের ১০৬ মিনিটে করা গোলে চ্যাম্পিয়ন স্পেন।

নব্বই মিনিট গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও ফয়সালা হয়নি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের থেকে বল পেয়ে গোলার মতো শটে তিকাঠিতে রাখেন।

১০ জনের আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। লা রোজাদের দ্বিতীয় বিশ্বকাপ। ২০১০ সালের পর প্রথম। বিশ্বকাপের ইতিহাসে দু'বার ফাইনালে উঠেছে স্পেন, দু'বারই চ্যাম্পিয়ন।

১৬ বছর আগে নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের অতিরিক্ত সময় আন্দ্রে ইনিয়েস্তার গোলে জিতেছিল স্পেন। এবারও সেই এক্সট্রা টাইমেই জয়সূচক গোল।