আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্রাম দেওয়া উচিত ছিল কি না, তা নিয়ে ওঠা প্রশ্ন উড়িয়ে দিলেন পর্তুগাল ফুটবল দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ কে-র ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশে নামানো নিয়ে সমালোচনা হয়েছিল।

তবে সেই তুলনাকে ‘শিশুসুলভ’ বলে মন্তব্য করেছেন পর্তুগাল কোচ। কিছু সমর্থক ও বিশেষজ্ঞের মত ছিল, লিওনেল মেসি এবং আর্লিং হালান্ডের মতো রোনাল্ডোকেও বিশ্রাম দেওয়া উচিত ছিল।

কিন্তু মার্টিনেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে রোনাল্ডোর তুলনা করা ঠিক নয়। কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্টিনেজ বলেন, ‘আমরা অন্য দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে তুলনা করি না। সেটা শিশুসুলভ।’

রোনাল্ডোর খেলার ধরন নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে পর্তুগাল কোচ বলেন, অভিজ্ঞতা ও শৃঙ্খলার উপর নির্ভর করেই তিনি এখনও পারফর্ম করছেন। মার্টিনেজের কথায়, ‘ক্রিশ্চিয়ানো সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে অভ্যস্ত। বিষয়টা মানসিক শক্তি, শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত।’

বিশ্বকাপের ব্যস্ত সূচিতেও রোনাল্ডোর ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। কোচ বলেন, ‘ক্রিশ্চিয়ানোর জন্য ৯০ মিনিট খেলা কোনও সমস্যা নয়। তবে পরের ম্যাচে হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু সেটা অন্য যে কোনও খেলোয়াড়ের ক্ষেত্রেও হতে পারে।’

তিনি আরও জানান, ম্যাচ ও অনুশীলনের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে ফর্মে ফিরেছিলেন রোনাল্ডো।

এদিন সেই ঝলক দেখা গেল না। বরং, গোটা পর্তুগাল দলটা এদিন ঝিমিয়ে রইল। আক্রমণে তেজ তো নেই, উল্টে গোটা ম্যাচ জুড়ে দাপাদাপি দেখা গেল কলম্বিয়ারই। পর্তুগিজ রক্ষণে বারবার ফাঁকফোকর দেখা গেল এদিন।

নক আউটে শক্তিশালী দল সামনে পড়লে স্ট্র্যাটেজি নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করার দরকার আছে রবার্তো মার্টিনেজের। শুরু থেকেই পর্তুগিজ রক্ষণে কার্যত ঝড় তোলেন লুইস ডিয়াজ, হামেস রদ্রিগেজ।