আজকাল ওয়েবডেস্ক: ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ জাপানকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। আর এই জয়ের পরই মজার ভঙ্গিতে জার্মান গণিতজ্ঞ জোয়াকিম ক্লেমেন্টকে খোঁচা দিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
বিশ্বকাপের আগে জার্মান গণিতজ্ঞ জোয়াকিম ক্লেমেন্ট একটি ভবিষ্যদ্বাণীতে জানিয়েছিলেন, নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হলে বড় চমক দেখিয়ে জিততে পারে জাপান। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হারিয়ে দেয় জাপানকে। ম্যাচের পর নেইমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, ‘জোয়াকিম ক্লেমেন্ট... পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’
নেইমারের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ব্রাজিলের জয় এবং ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়া দুই বিষয় নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা।
জোয়াকিম ক্লেমেন্ট পেশায় একজন গণিতজ্ঞ ও অর্থনীতিবিদ। বিশ্বকাপ নিয়ে তাঁর নিজস্ব ভবিষ্যদ্বাণী করার মডেল রয়েছে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ পরিচিত। যদিও তাঁর মডেল তৈরি হয়েছিল মূলত এটা দেখানোর জন্য যে ফুটবল টুর্নামেন্টের ফল অনুমান করা কতটা কঠিন, তবুও শেষ তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়নকে সঠিকভাবে চিহ্নিত করেছিল তাঁর মডেল।
২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস দিয়েছিল তাঁর মডেল। টুর্নামেন্টের আগে ‘ফরচুন ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লেমেন্ট জানিয়েছিলেন, ব্রাজিল ও জাপানের সম্ভাব্য নকআউট লড়াইয়ে জাপানের জয়ের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেছিলেন, ব্রাজিল ইতিহাসের সবচেয়ে সফল দল হলেও বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের সেরা ছন্দে নেই। অন্যদিকে জাপানের দল বর্তমানে খুবই শক্তিশালী এবং তারা বড় চমক দিতে পারে।
তবে মাঠের লড়াইয়ে সেই হিসাব মেলেনি। ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে জাপানের। তবে এখানেই শেষ নয়। ক্লেমেন্ট জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং পর্তুগাল।
সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলকে হারিয়ে ট্রফি উঠবে ডাচদের হাতে। কিন্তু রাউন্ড অফ ৩২-এ মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। এমনকী, প্যারাগুয়ের কাছে হেরে বাড়ি ফেরার টিকিট হাতে পেয়েছে ক্লেমেন্টের নিজের দেশ জার্মানিও।














