আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের শেষ ১৬-য় ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার আগে নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড নিজেদের সম্ভাবনা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। ম্যাঞ্চেস্টার সিটি ফরোয়ার্ড স্বীকার করেছেন, এই ম্যাচে নরওয়ের অঘটন ঘটানোর সুযোগ 'খুবই কম।'

রাউন্ড অব ৩২-তে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ মুহূর্তে নাটকীয় জয়ে নরওয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয়। ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোল করেন হালান্ড। 

ম্যাচ শেষে হালান্ড বলেন,
''আমরা শেষ ষোলোয়  উঠেছি, এখানে দারুণ সব দল আছে। সহজ হবে না, আমাদের বাস্তববাদী হতে হবে। আমি জানি না আমরা কতদূর যেতে পারব। আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, এখন প্রস্তুত আছি।''

ব্রাজিলকে হারানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপ্টা বলেন,
''উহ… খুবই কম।''

এখন নরওয়ে তাকিয়ে আছে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষার দিকে। শেষ ১৬-য় ব্রাজিলের বিপক্ষে নরওয়ে তাকিয়ে থাকবে দলের সেরা অস্ত্র হালান্ডের দিকে। 

এদিকে আইভরি কোস্টের বিরুদ্ধে নিজের গোল প্রসঙ্গে হালান্ড জানিয়েছেন আসল কারণ। শারীরিক ক্লান্তিই ছিল শেষ মুহূর্তের জয়সূচক গোলের মূল প্রেরণা। আইভরি কোস্টের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-র ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড।

ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন জানান, ম্যাচের শেষদিকে তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে অতিরিক্ত ৩০ মিনিট খেলার কথা ভাবতেই পারছিলেন না। তাই যে কোনও মূল্যে নির্ধারিত সময়ের মধ্যেই গোল করে ম্যাচ শেষ করতে চেয়েছিলেন। 

ম্যাচ শেষে নরওয়ের মিডিয়া টিভি ২-কে হালান্ড বলেন, "আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই মনে হচ্ছিল, অতিরিক্ত সময়ে খেলতে পারব না। আমাদের গোল করতেই হবে।"