আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে হাইতির বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে ডান থাইয়ের পিছনে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। তাঁর মাঠ ছাড়ার দৃশ্যেই সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, তৈরি হয় টুর্নামেন্টে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।
পরবর্তীতে একাধিক পরীক্ষার পর রাফিনিয়ার চোট নিয়ে বিস্তারিত তথ্য জানায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ব্রাজিলের গণমাধ্যমে লেখা হয়েছে, রাফিনিয়ার ডান হ্যামস্ট্রিংয়ে পেশির চোট ধরা পড়েছে।
এই চোটের জন্য স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে তাঁকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিবিএফ।
সিবিএফের আশা, টুর্নামেন্ট চলাকালীনই সম্পূর্ণ সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন এই উইঙ্গার। যদিও তাঁর ফেরার নির্দিষ্ট কোনও সময়সূচি জানানো হয়নি। অন্যদিকে ব্রাজিলের আরেকটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শেষ ষোলোয় রাফিনিয়াকে ফেরানোর লক্ষ্য নিয়েই কাজ করছে টিম ম্যানেজমেন্ট।
চোট প্রসঙ্গে সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষায় রাফিনিয়ার ডান ঊরুর পিছনের অংশের পেশিতে চোট ধরা পড়েছে। তিনি বর্তমানে জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন। যত দ্রুত সম্ভব তাঁকে সুস্থ করে মাঠে ফিরিয়ে আনাই লক্ষ্য।















