আজকাল ওয়েবডেস্ক:‌ ২৮০ রানে হার। প্রথম দিন প্রথম দুটো সেশন ছাড়া বাকি সব সেশনে কর্তৃত্ব করেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশকে দাঁড়াতেই দেয়নি। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে এলেও ভারতের সামনে টিকতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। 


শুরুতে পেসার, শেষের দিকে চেন্নাইয়ের পিচ থেকে সাহায্য পেয়েছেন স্পিনাররা। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলেছেন, ‘‌বুমরা ম্যাচে পেয়েছে ৫ উইকেট। অশ্বিন ৬। জাদেজা আবার পাঁচটা, সিরাজ ও আকাশদীপ দুটো উইকেট পেয়েছে। পিচ কিউরেটরকে ধন্যবাদ দেব। টেস্টে কেমন উইকেট হয় দেখিয়ে দিয়েছে। আমাদের মতো নয়।’‌ এরপরই বাসিত আলি বলেছেন, ‘‌আমাদের দেশে কিছু অশিক্ষিত লোক পিচ তৈরির দায়িত্বে থাকে। পিচের পরিস্থিতি বুঝতে পারলে অনেক কিছুর সমাধান হয়। কিন্তু আমাদের দেশে বোর্ডকে খুশি করতেই ব্যস্ত প্রাক্তনরা।’‌


এটা ঘটনা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে ০–২ হারিয়ে এসেছিল বাংলাদেশ। কিন্তু ভারতে এসে মুখ থুবড়ে পড়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৭ সেপ্টেম্বর শুরু কানপুরে। সেখানেও কিন্তু একরাশ লজ্জা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।