আজকাল ওয়েবডেস্ক: প্রথম দুই ম্যাচে জয় দিয়ে দুর্দান্ত শুরু করেছিল ইস্টবেঙ্গল। তৃতীয় ম্যাচেই পদস্খলন হল লাল-হলুদ ব্রিগেডের। জামশেদপুরের কাছে হার মানতে হল। চতুর্থ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধেও পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল। গোলশূন্যভাবে শেষ হল খেলা।  

প্রথম দুই ম্যাচে উজ্জ্বল ইস্টবেঙ্গলের রং চটে গেল বাকি দুটো ম্যাচে। বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করলেও ঠোঁট আর পেয়ালার মধ্যে যে দূরত্ব থাকে, তা থেকেই গেল। 

এদিন মাঠে ঢুকে পড়ল সারমেয়। তবুও খেলা থামল না। ইস্টবেঙ্গলের আক্রমণে সেই কামড় দেখা গেল না। অস্কার হয়তো বলবেন, রোজা রাখার জন্য খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ছেন। গোটা দলটাও ছন্দ হারিয়ে ফেলছে। ইউসেফ এজেজারি প্রথম দুই ম্যাচে চার গোল করেছিলেন। কিন্তু জামশেদপুর ম্যাচ থেকে তিনিও নিষ্প্রভ। এদিন বিপিনের ক্রস থেকে সহজ গোলের সুযোগ নষ্ট করলেন তিনি। একবার তো পড়েই গেলেন। মিগুয়েল অতিরিক্ত বল পায়ে রাখতে গিয়ে খেলার গতি নষ্ট করলেন। 
অন্যদিকে এফসি গোয়া কলকাতায় এসে হারিয়েও দিতে পারত ইস্টবেঙ্গলকে। বরিসের শট পোস্ট কাঁপিয়ে চলে আসে। বেশ কয়েকবার ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে কাঁপুনি ধরিয়ে দেন গোয়ার ফুটবলাররা। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ করতে পারেননি। ডেড বল সিচুয়েশন-ও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। সব মিলিয়ে এদিন ফ্লপ লাল-হলুদ ব্রিগেড। পয়েন্ট হারিয়ে ইস্টবেঙ্গল কিন্তু পিছিয়ে চলেছে।