আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টেও খুব একটা সুবিধাজনক জায়গায় নেই ভারত। সিরিজে সমতা ফেরাতে ৩৫৯ রান প্রয়োজন ভারতের। তারই মাঝে রোহিতদের জন্য বার্তা দিলেন সুনীল গাভাসকর। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে না ভেবে নিউজিল্যান্ড সিরিজে ফোকাস করার বার্তা দিলেন। শুক্রবার রাতেই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। মার্কি সিরিজের বিল্ড আপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ধারাভাষ্য দেওয়ার সময় দীনেশ কার্তিক অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গ তোলেন। মাঝ পথেই তাঁকে থামিয়ে দেন সানি। সরাসরি বলেন, একটা সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভেবো না। এই ভুল অনেকেই করে।
গাভাসকর বলেন, 'অস্ট্রেলিয়া নিয়ে এখন আলোচনা করো না। এই ভুল অনেকেই করে। বর্তমানে কী ঘটছে তাতে ফোকাস করা উচিত। শুধুমাত্র সেটা নিয়েই ভাবা উচিত। তারপর সময় এলে অস্ট্রেলিয়া নিয়ে ভাবা যাবে। ওখানে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে হারানোর পদ্ধতি বেরিয়ে আসবে। গত কয়েকটা সফরে সেটা করে দেখিয়েছে ভারতীয় দল। একটা রাস্তা বের করেছে। প্লেয়াররা বর্তমান সিরিজে ফোকাস করছে। তার আশেপাশের লোকজন, মিডিয়া সবাই অস্ট্রেলিয়া সফর নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। আসন্ন সিরিজ নিয়ে মিডিয়া কভারেজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ান প্লেয়াররা সবসময় ভারতীয় দল নিয়ে কথা বলছে। কী দল হওয়া উচিত সেই নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। একে ওকে নিতে বলছে। অস্ট্রেলিয়া দল নিয়ে আমাদের কেউ প্রশ্ন করছে না। অস্ট্রেলিয়ার প্রাক্তন প্লেয়াররা আমাদের দল নিয়ে পরামর্শ দিচ্ছে। আমাদেরও অস্ট্রেলিয়া দল নিয়ে জিজ্ঞেস করা উচিত।' পুনেতে ২৫৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ভারতের দরকার ৩৫৯ রান। দ্বিতীয় ইনিংসের শুরুটা আগ্রাসী মনোভাব নিয়েই করে ভারতীয় ব্যাটাররা। মধ্যাহ্নভোজের বিরতিতে ১ উইকেট হারিয়ে ভারতের রান ৮১। আবার ব্যর্থ রোহিত। ৮ রানে আউট হন।
















