আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিই কি বিরাট কোহলি এবং রোহিত শর্মার শেষ আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে? কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে। ফোকাস করা হবে দুই মহাতারকার ওপর। বর্ডার-গাভাসকর ট্রফিতে লজ্জার হারের পর সবার নজর চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্ট চলবে। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের এবং টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল।
চ্যাম্পিয়ন্স ট্রফির দু'মাস পর ৩৮ বছরে পড়বেন রোহিত। নভেম্বরে ৩৭ হবে কোহলির। টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে মে মাস পর্যন্ত দুই তারকার খেলা নিশ্চিত ছিল। এরপর আইসিসির বড় ইভেন্ট ২০২৬ টি-২০ বিশ্বকাপ। বিরাট এবং রোহিত টি-২০ থেকে অবসর নিয়েছে। তারপর ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া মিলে আয়োজন করবে। সেই মার্কি ইভেন্টে অংশ নেওয়ার মতো অবস্থায় থাকবেন দুই তারকা? বিশেষ করে ফিটনেসের দিক থেকে? এটা বড় প্রশ্ন। কোহলির ক্ষেত্রে তাও সম্ভব হলেও, রোহিতকে নিয়ে সন্দেহ থাকছে। সুতরাং, সেই হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিই শেষ আইসিসি টুর্নামেন্ট হতে পারে ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টারের।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন না যশপ্রীত বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত। তবে মার্কি ইভেন্টের দলে রাখা হবে তারকা পেসারকে। কিন্তু এনসিএর সবুজ সংকেত পেলে তবেই মাঠে নামতে পারবেন। মহম্মদ সামি এবং কুলদীপ যাদবকেও নজরে রাখা হচ্ছে। উইকেটকিপারদের মধ্যে দৌড়ে এগিয়ে ঋষভ পন্থ এবং কেএল রাহুল। কিন্তু টি-২০ ক্রিকেটের পারফরম্যান্সের নিরিখে সঞ্জু স্যামসনের কথা ভাবা হলেও হতে পারে। অধিনায়ক হিসেবে থাকবেন রোহিত শর্মাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামব্যাক করতে পারেন মহম্মদ সামি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তারকা পেসার। সেখানে সম্পূর্ণ ফিট দেখায় তাঁকে। এক বছরেরও বেশি সময়ের পর জাতীয় দলে ফিরতে পারেন সামি।
















