আজকাল ওয়েবডেস্ক: বার্সেলোনা ওপেনের মাঝপথে নাম প্রত্যাহার এবং মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ানোর পর বিশ্বের দুই নম্বর কার্লোস আলকারাজের ফরাসি ওপেনে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

ফরাসি ওপেনের বল গড়াবে ১৮ মে। আলকারাজের অংশ নেওয়া এখনও নিশ্চিত নয়। বার্সেলোনা ওপেনে কব্জিতে চোট পাওয়ার পর থেকেই তিনি পুরোদস্তুর ফিট নন।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আলকারাজ জানিয়েছেন, কোর্টে ফেরার জন্য তাড়াহুড়ো করতে তিনি রাজি নন।  দীর্ঘমেয়াদি ভিত্তিতে আলকারাজ তাঁর ফিটনেসকেই অগ্রাধিকার দিতে চান। 

স্প্যানিশ টেনিস তারকা  বলেন, ''কোর্টে ফিরতে একটু সময় লাগবে। তবে পুরোদস্তুর সুস্থ হয়ে ফিরতে চাই। তাড়াহুড়ো করে ফিরে এসে অসুস্থ অবস্থায় খেলতে চাই না। ঈশ্বরের কৃপায় আমার সামনে দীর্ঘ কেরিয়ার পড়ে রয়েছে। এই মুহূর্তে নিজের উপরে চাপ দিলে ভবিষ্যতের টুর্নামেন্টগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।'' 

তিনি আরও বলেন, ''পেশাদার খেলাধুলায় এমন ঘটনা ঘটেই থাকে। এটা মেনে নিতে হয়। যদি ভবিষ্যতে সমস্যা এড়াতে চাই, তাহলে এখন সঠিকভাবে সেরে ওঠা খুবই জরুরি।''

আলকারাজের কব্জির চোটের পরই প্রথম পরীক্ষা করা হয়েছিল। আলট্রাসাউন্ডের ফলাফলের উপরে ভিত্তি করে আলকারাজের উপরে সিদ্ধান্ত নেওয়া হবে। 

তবে আলকারাজ এখনও আশা ছাড়ছেন না। টানা দু'বার এই টুর্নামেন্ট তিনি  জিতেছেন। তবুও চিকিৎসকরা মনে করছেন, এমন ঝুঁকি নেওয়া ঠিক হবে না যা পুরো মরশুম বা কেরিয়ারের ক্ষতি করতে পারে।