আজকাল ওয়েবডেস্ক: ‘খেলাধুলার অস্কার’ বলে খ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল টেনিস।
স্পেনের মাদ্রিদে সিবেলেস প্যালেসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের স্বীকৃতি পেলেন কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা।
প্রথমবারের মতো এই ঐতিহ্যশালী পুরস্কার জিতলেন দুই তারকাই। গত মরশুমে ফরাসি ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন জেতেন আলকারাজ। তিনি বলেন, ''যাঁরা খেলাধুলাকে গভীরভাবে বোঝেন, তাঁদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া সত্যিই স্পেশাল। এই মুহূর্ত আমি কখনও ভুলব না।''
অন্যদিকে মহিলাদের বিভাগে বর্ষসেরার খেতাব পাওয়া সাবালেঙ্কা ছিলেন আবেগাপ্লুত।
যুক্তরাষ্ট্র ওপেন জয় করে চতুর্থ গ্র্যান্ড স্লাম অর্জনের পর তিনি বলেন, ''এটা অবিশ্বাস্য অনুভূতি। যেসব কিংবদন্তি খেলোয়াড়দের পাশে আমার নাম উচ্চারিত হবে, সেটা ভেবেই গর্ব হচ্ছে।''
এবারের আসরে বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জেতেন বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল। পুরস্কার গ্রহণ করে তিনি পরিবার, কোচিং স্টাফ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন ইয়ামাল।
অন্যদিকে বর্ষসেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি ক্লাব পিএসজি। গত মরসুমে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ট্রেবল জয়ের স্বীকৃতিস্বরূপ এই সম্মান অর্জন করে ক্লাবটি।















