সম্পূর্ণা চক্রবর্তী: আইএসএল শিল্ড জেতার পর চ্যাম্পিয়নশিপ ম্যাচে তাঁর অধীনে মরশুমের সবচেয়ে জঘন্য ম্যাচ খেলেছিল মোহনবাগান। মাঝে দু'বছর কেটে গিয়েছে। শনিবাসরীয় বিকেলে আবার যুবভারতীতে নামতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস। ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত নাম। আইএসএলের জন্মলগ্ন থেকে কলকাতার ফুটবলের সঙ্গে জড়িত। অ্যাটলেটিকো ডি কলকাতা, এটিকে থেকে মোহনবাগান সুপার জায়ান্ট। তিন পর্বেই ট্রফি জেতার নজির রয়েছে। আইএসএলে মোহনবাগানের অন্যতম সফল কোচ। এবার শিবির বদলেছেন। ইস্টবেঙ্গল কোচের ভূমিকায় নামবেন মোহনবাগানের বিরুদ্ধে। যে ক্লাবের সঙ্গে ভারতে কোচিংয়ের সেরা সময় কাটিয়েছেন বর্ষীয়ান কোচ।
পেশাদার ফুটবলে কোচ থেকে ফুটবলার, সবাই আদ্যোপান্ত পেশাদার। তাসত্ত্বেও কি কোথাও যুবভারতীর ডাগআউটে নস্টালজিয়া ঘিরে ধরবে বর্ষীয়ান কোচকে? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর স্প্যানিশ কোচের। জানান, অতীতে পড়ে নেই তিনি। তবে মোহনবাগানের সঙ্গে সুখস্মৃতির কথা তুলে ধরেন। হাবাস বলেন, 'অতীতে পড়ে থাকতে পারব না। সবসময় এগিয়ে যেতে চাই। মোহনবাগান সমর্থকদের নিয়ে আমি খুশি। সম্মান পেয়েছি। কলকাতায় অনেক ভাল সময় কাটিয়েছি। মোহনবাগানের সঙ্গে অনেক স্মৃতি আছে। তবে সেটা এখন অতীত। আমার কোনও আবেগ জড়িয়ে নেই। আমরা পেশাদার।' ডার্বিতে এখনও তিনি অপরাজেয়। হারেননি বড় ম্যাচ। অন্যদিকে মোহনবাগানের কোচ একেবারে আনকোরা। শিবির বদল করেও কি রেকর্ড ধরে রাখতে পারবেন? আগের ইস্টবেঙ্গলের থেকে এবারের দলের পার্থক্য ধরিয়ে দিলেন। হাবাস বলেন, 'আমি যখন মোহনবাগানে ছিলাম, ইস্টবেঙ্গল তখনও আইএসএল জেতেনি। কিন্তু এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য।' আগের সঙ্গে এখনকার তুলনা টেনে কীসের ইঙ্গিত দিলেন হাবাস?
মাত্র তিনদিনের অনুশীলনে ডার্বি খেলা যে চ্যালেঞ্জিং, মেনে নিলেন। তবে হাল ছাড়ছেন না ময়দানের পোড়খাওয়া কোচ। হাবাস বলেন, 'আমার প্লেয়াররা চেষ্টা করছে। আমরা মাত্র তিনদিন প্র্যাকটিস করেছি। আমি দল নিয়ে খুশি। দলে প্রতিভাবান ফুটবলার আছে। যারা প্রতিনিয়ত উন্নতি করছে। আমাদের দলে ভারতীয় ফুটবলারদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ।' ডার্বিতে বরিস সিং এবং দানিশ ফারুককে পাওয়া যাবে না। দু'জনের ফিট হতে ১৫ দিন লাগবে, জানিয়ে দেন ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ। কলকাতায় চলে এসেছেন মহম্মদ রশিদ এবং দানি রামিরেজ। দলের সঙ্গে প্র্যাকটিসও করেন। তবে শনিবার তাঁদের খেলার সম্ভাবনা কম। এই প্রসঙ্গে হাবাস বলেন, 'ট্রেনিংয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। এর মধ্যে ওদের খেলা কঠিন।' প্রথম একাদশে না থাকলেও, দলে থাকতে পারেন রশিদ। স্পেন বিশ্বকাপ জেতার চার বছর পর প্রথমবার ভারতে এসেছিলেন হাবাস। মাঝে ১৬ বছর কেটে গিয়েছে। আবার বিশ্বকাপ জিতেছে স্পেন। হাবাস জানান, ২০১০ বিশ্বকাপের প্রক্রিয়া অবলম্বন করে দ্বিতীয়বার বিশ্বজয় করেছে স্পেন। কিন্তু ভারতীয় ফুটবলে কোনও পরিবর্তন নেই। যে তিমিরে ছিল, সেই তিমিরেই আছে।
















