আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী ও আইপিএলের দল পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়ে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার ব্রেট লি। অবশেষে সেই জল্পনা নিয়ে স্পষ্ট বক্তব্য পেশ করেছেন তিনি। ব্রেট লি জানিয়েছেন, প্রীতির সঙ্গে তাঁর সম্পর্ক কখনওই বন্ধুত্বের বাইরে যায়নি।
সম্প্রতি বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, “আমি কখনও কোনও বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। এটাই সত্য। প্রীতি জিন্টা তখন যেমন আমার ভাল বন্ধু ছিল, এখনও তেমনই আছে। তখন প্রীতি পাঞ্জাব দলের মালিক ছিল। প্রীতি জিন্টা অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী এবং আমি ওকে শ্রদ্ধা করি।”
প্রেমের গুঞ্জন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রাক্তন গতিদানব আরও বলেন, “এ ধরনের গুঞ্জন আমাকে কখনো বিরক্ত করেনি। কারণ, আমি সত্যটা জানতাম। মানুষ নানা রকম জল্পনা করতেই পারে, কিন্তু আমি সেগুলোকে কখনওই গুরুত্ব দিইনি।”
২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন ব্রেট লি। সেই সময় মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় প্রীতি জিন্টার সঙ্গে তাঁকে একসঙ্গে দেখা যায়, তার পরই দু'জনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এ নিয়ে ২০১০ সালেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন প্রীতি। তিনি লিখেছিলেন, “প্রতি বছর ব্রেট লির সঙ্গে আমার প্রেমের গুঞ্জন শোনা এখন পুরোনো খবর হয়ে গিয়েছে। দুঃখিত, এখানে কোনও প্রেমের খবর নেই। আমরা শুধু বন্ধু।”
ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে। তবে দুই বছর পর আলাদা হয়ে যান তাঁরা এবং ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন ব্রেট লি। বর্তমানে এই দম্পতির দু'টি সন্তান রয়েছে।
অন্যদিকে, প্রীতি জিন্টা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জিন গুডেনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা-মা হন তাঁরা।
















