আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও প্রাক্তন আওয়ামী লিগ সাংসদ শাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে বুধবার রাতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত তাঁর পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা শাকিবের বাড়িতে ভাঙচুরও চালায় বলে জানা গিয়েছে।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত আওয়ামী লিগের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শাকিবের অংশগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই এমন ঘটনা ঘটে। ওই সাংবাদিক বৈঠকে শেখ হাসিনাও ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন।
শাকিবের বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনার প্রতিক্রিয়ায় আওয়ামী লিগ এক বিবৃতিতে জানায় “আওয়ামী লিগের সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার মূল্য হিসেবে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। নব্য ফ্যাসিবাদে গ্রাস করেছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট আইকন শাকিব আল হাসানের বাসভবনে এক ভয়াবহ পেট্রোল বোমা হামলা চালানো হয়, যা ঘটে বিশ্বখ্যাত এই তারকা ক্রিকেটার দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর।''
আওয়ামী লিগ আরও জানায়, সাংবাদিক বৈঠকের আগে বিএনপি, ইসলামপন্থী জামাত এবং এনসিপি, তিন পক্ষই প্রকাশ্যে জাতীয় সংবাদ মাধ্যমগুলোকে হুমকি দেয় যে, সাংবাদিক বৈঠকের প্রতিবেদন প্রকাশ করা হলে বিচারব্যবস্থাকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্যে জানান, তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় তিনি গ্রেপ্তার, এমনকী মৃত্যুর মুখোমুখি হতেও প্রস্তুত।
হাসিনা বলেন, “আমার ফিরে আসা ক্ষমতার জন্য নয় বরং বাংলাদেশকে আবার উন্নয়ন, ধর্মনিরপেক্ষতা ও সমৃদ্ধির পথে ফিরিয়ে আনার জন্য।” ৭৮ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী স্বীকার করেন যে, দেশে ফিরলে তাঁকে যেসব ঝুঁকির মুখোমুখি হতে হবে, সে সম্পর্কে তিনি ওয়াকিবহাল।
হাসিনা আরও বলেন, “আমি জানি, ওরা আমাকে জেলে পাঠাতে পারে বা হত্যা করতে পারে। আমি আমার মানুষদের সঙ্গে থাকার জন্য দেশে ফিরে যাব। আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি বাংলাদেশে যাব।” তাঁর সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যেই হুলুস্থূল কাণ্ড ঘটে গেল বাংলাদেশে।
















