আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএল শুরুর আগে বোলিং বিভাগ নিয়ে চিন্তায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউড প্রথম কয়েকটি ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন। 

পাশাপাশি বাঁহাতি ভারতীয় পেসার ইয়াশ দয়ালের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে ত্রাতা হয়ে উঠতে পারেন অভিজ্ঞ ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। দলের পেস আক্রমণের বড় দায়িত্ব পড়তে পারে অভিজ্ঞ সুইং বোলার ভুবনেশ্বর কুমারের ওপরেই।

অন্তত, অনুশীলনে যে ছবি দেখা গেল তাতে বলাই যায় দায়িত্ব দেওয়া হলে ফুল মার্কস নিয়েই উতরে যাবেন ভুবি। ৩৬ বছর বয়সি এই বোলার নিজেকে প্রস্তুত বলেই ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া এক অনুশীলনের ভিডিওতে দেখা গিয়েছে, নিখুঁত ইয়র্কারে তিনি বোল্ড করে দেন আরসিবি এবং বিশ্ব ক্রিকেটের তারকা ব্যাটার বিরাট কোহলিকে।

ভিডিওতে দেখা যায়, লেগ স্টাম্প লক্ষ্য করে করা একেবারে নিখুঁত ইয়র্কারে কোহলিকে বোল্ড করে দেন ভুবি। বলটা এতটাই পারফেক্ট ইয়র্কার ছিল যা খেলতে গিয়ে রীতিমত ভারসাম্য হারিয়ে যায় কোহলির।

উল্লেখ্য, গত মরশুমে বেঙ্গালুরুকে প্রথমবার শিরোপা জিততে বড় ভূমিকা নিয়েছিলেন কোহলি ও ভুবনেশ্বর দু’জনেই। কোহলি ১৫ ইনিংসে ৬৫৭ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

অন্যদিকে, শুরুটা ধীর গতিতে করলেও শেষ পর্যন্ত ১৪ ম্যাচে ১৭টি উইকেট নেন ভুবনেশ্বর। মেগা নিলামে ১০.৭৫ কোটি টাকায় আরসিবিতে যোগ দেওয়া ভুবনেশ্বরকে এবার তরুণ পেসারদের দিকে খেয়াল রাখার বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে।

দলে রয়েছেন রাসিখ সালাম দার ও মঙ্গেশ যাদবের মতো তরুণ পেসার যাদের পারফরম্যান্সের দিকেও নজর থাকবে সমর্থকদের। অন্যদিকে আইপিএলের দলগুলির আর্থিক মূল্যায়ন নিয়েও বড় খবর সামনে এসেছে।

সূত্রের খবর, রাজস্থান রয়্যালসের জন্য ১.৭ বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্লেষকদের মতে, শক্তিশালী ব্র্যান্ড ও বিপুল ফ্যান বেসের কারণে বেঙ্গালুরুর মূল্যায়ন আরও বেশি হতে পারে।

এছাড়াও জানা যাচ্ছে, একটি বিনিয়োগকারী গোষ্ঠী বেঙ্গালুরু দলের অংশীদারিত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে, যা আইপিএলের বাণিজ্যিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে।