আজকাল ওয়েবডেস্ক: রঞ্জির সেমিফাইনালে চলে গেল বাংলা। কল্যাণীতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে এক ইনিংস ও ৯০ রানে জিতল বাংলা। এই কল্যাণীতেই ১৫ ফেব্রুয়ারি থেকে জম্মু–কাশ্মীরের বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবে বাংলা।
সুদীপ ঘরামির দুরন্ত ২৯৯ রানের পর ম্যাচের শেষ দিন কল্যাণীতে দেখা গেল শাহবাজ আহমেদের ঘূর্ণি। বাংলা যে সেমিফাইনালে উঠছে তা সোমবারই নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশের ২৯৫ রানের জবাবে বাংলার ইনিংস শেষ হয় ৬২৯ রানে। চতুর্থ দিনে ৬৪ রানে ৩ উইকেট পড়ে যায় অন্ধ্রর। প্রথম ইনিংসে লিডের সুবাদে সেমিফাইনাল নিশ্চিত ছিল। দেখার ছিল অন্ধ্র হার বাঁচাতে পারে কি না। শাহবাজের ঘূর্ণিতে ইনিংস হার বাঁচাতে পারল না অন্ধ্রপ্রদেশ। ৭২ রান দিয়ে ৪ উইকেট পান শাহবাজ। দুটি উইকেট সুরজ সিন্ধু জয়সওয়ালের। একটি করে উইকেট পান আকাশদীপ, সুমন্ত গুপ্ত, অনুষ্টুপ মজুমদার। উইকেট পাননি মহম্মদ সামি। নীতীশ রেড্ডির ৯০ রানের ইনিংস কোনওভাবেই যথেষ্ট ছিল না। শ্রীকর ভরত চোটের জন্য ব্যাট করতে নামেননি। শেষ পর্যন্ত অন্ধ্রর ইনিংস শেষ হয় ২৪৪ রানে। বাংলা ইনিংস ও ৯০ রানে জেতে।
এদিকে, সেমিতেও নজর থাকবে সুদীপ ঘরামির দিকে। তৃতীয় দিনের শেষে ৪৫১ বলে ২১৬ রানে অপরাজিত ছিলেন। কিন্তু এক রানের জন্য ত্রিশতরান পাননি। প্রায় তিন দিন ব্যাট করে ৫৯৬ বল উইকেট কামড়ে পড়েছিলেন সুদীপ। ইনিংসে ছিল ৩১টি চার এবং ৬টি ছয়। মহম্মদ সামি করেন ৩৩ বলে ৫৩ রান। মারেন তিনটি বড় ছয়।
