আজকাল ওয়েবডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফের বাংলার দাপট। ৬ ওভার বাকি থাকতে বাংলা ৯ উইকেটে হারাল বিহারকে।
প্রথমে ব্যাট করে বিহার তোলে ৬ উইকেটে ১৪৭ রান। সাকিবুল গনির ৫৬ বলে ৭৯ রান দলের মধ্যে সর্বোচ্চ। আগের ম্যাচগুলোয় উইকেটহীন ছিলেন মহম্মদ সামি। এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে একটি উইকেট নেন বঙ্গ পেসার। বাংলার বোলারদের মধ্যে সায়ন ঘোষ ২টি উইকেট নেন ৩২ রানে।
রান তাড়া করতে নেমে বাংলার ওপেনার করণ লাল ধ্বংস করেন বিহারের বোলিং আক্রমণকে। মাত্র ৪৭ বলে বিধ্বংসী ৯৪ রানের ইনিংস খেলেন করণ লাল। ৯টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। দুশো স্ট্রাইক রেট করণ লালের।
গত ম্যাচের সেরা অভিষেক পোড়েল এদিন মাত্র ১৯ রান করেন। অভিষেক আউট হওয়ার পরে করণ লালের সঙ্গে জুটি বাঁধেন সুদীপ কুমার ঘরামি (৩২)। দুই ব্যাটারের তাণ্ডবে বাংলা ১৪ ওভারে ১৫০ রান তুলে নেয়। এরকম দুর্দান্ত ইনিংস খেলার পরে করণলাল ছাড়া আর কাকেই বা ম্যাচ সেরার পুরস্কার দেওয়া যায়!
