আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগে আইপিএল নিয়ে কটাক্ষ করেছিলেন। এবার বিসিসিআইকে একহাত নিলেন ললিত মোদি। দাবি, প্লেয়ারদের স্বাস্থ্যর থেকেও অর্থকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ভারতের। কিন্তু তার আগে ভারী কর্মসূচি রয়েছে টিম ইন্ডিয়ার। কয়েকদিন আগেই একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় দলের সূচি নিয়ে অসন্তুষ্ট গৌতম গম্ভীর। জানান, ৩১ মে পর্যন্ত আইপিএলে ব্যস্ত থাকবে প্লেয়াররা। তারপর সরাসরি দলের সঙ্গে যোগ দেবে। ৬ জুন টেস্ট ম্যাচ। এমন পরিস্থিতিতে প্রথম দলের কয়েকজন প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাই ঘরোয়া ক্রিকেটে সফল বা ধারাবাহিক প্লেয়ারদের সুযোগ দেওয়া হতে পারে।
ললিত মোদির দাবি, বিসিসিআই প্লেয়ারদের শেষ করে দিচ্ছে। সারা বছর ধরে ক্রিকেট চলছে। যার প্রভাব পড়ছে ক্রিকেটারদের স্বাস্থ্যে। নিজের এক্স হ্যান্ডেলে ললিত মোদি বলেন, 'আমি একমত। কঠিন সূচিতে বিসিসিআই প্লেয়ারদের শেষ করে দিচ্ছে। এমন সূচি করা বন্ধ হোক। ওদের পরিবারের সঙ্গে সময় দরকার। নিজেদের জন্যও সময় দরকার। তোমাদের আর অর্থের প্রয়োজন নেই। আমি অ্যানুইটি রেভিনিউ তৈরি করেছি। যা বিশ্ব হিংসা করে। তোমাদের চেয়ারে বসা নিয়ে কোনও চিন্তা করতে হবে না। অন্তত সঠিক সিদ্ধান্ত নাও। প্লেয়ারদের সুস্থতা অগ্রাধিকার পাবে। প্লেয়াররা যাতে অতিরিক্ত পরিশ্রমের মধ্যে দিয়ে না যায়, সেটা দেখতে হবে বোর্ডকে। একজন পেশাদার সিইও রাখা দরকার। ভাল বেতন দাও। প্লেয়ারদের স্বাস্থ্যকে গুরুত্ব দাও। স্টেডিয়ামের পরিকাঠামো উন্নতি করা উচিত। ফ্যানদেরও আরও ভাল মানের ক্রিকেটের অভিজ্ঞতা দেওয়া উচিত।' কয়েকদিন আগে গম্ভীরের করা টুইটের জবাব দেন মোদি। এর আগে প্রস্তুতির সময়ের অভাবের কথা জানিয়েছিলেন শুভমন গিল। বলেন, লাল বলের সিরিজের আগে অন্তত দুই সপ্তাহ প্রস্তুতির সময় পাওয়া উচিত।















