আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলে জায়গা পেয়েছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।
তবে তাঁর অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করছে ফিটনেসের উপর। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের একাংশ রোহিতের শারীরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন বলে জানা গিয়েছে।
একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোটের পর তিন সপ্তাহ মাঠের বাইরে থাকলেও রোহিত বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে পুনর্বাসনের জন্য রিপোর্ট করেননি। এই বিষয়টি নির্বাচকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
বোর্ডের এক সূত্রের দাবি, ''রোহিত এখন অনেকটাই রোগা হয়েছে, কিন্তু উচ্চমাত্রার ক্রিকেটের চাপ সামলানোর মতো শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। ওয়ানডে ক্রিকেটে ৫০ ওভার ফিল্ডিং করতে হয়, সেখানে আইপিএলের মতো ইমপ্যাক্ট প্লেয়ার-এর সুবিধা নেই। ৪০-এর কাছাকাছি বয়সে শরীর সেরে উঠতেও বেশি সময় লাগে।''
চোট কাটিয়ে চলতি মাসের শুরুতে মাঠে ফেরেন রোহিত। ফেরার পর চার ইনিংসে তিনি করেছেন ১৪৬ রান। তবে মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় ২৪ মে শেষ লিগ ম্যাচের পর ফিটনেস ফিরে পাওয়ার জন্য কিছুটা অতিরিক্ত সময় পাবেন তিনি।
এদিকে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিকল্প ওপেনারের খোঁজও শুরু করেছে। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে ভবিষ্যতের বিকল্প হিসেবে ভাবা হলেও, নির্বাচকদের মতে তিনি এখনও পর্যাপ্ত ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাননি। সেই কারণেই দলে রাখা হয়েছে ঈশান কিষান-কে। প্রয়োজনে তিনি ওপেনার হিসেবেও খেলতে পারবেন।
বোর্ডের এক সূত্র জানিয়েছে, ''বিশ্বকাপের আগে খুব বেশি ওয়ানডে ম্যাচ নেই। জয়সওয়াল এখনও পর্যাপ্ত ম্যাচ খেলেনি। তাই রোহিত যদি বিশ্বকাপে খেলতে না পারে, কিংবা শুভমন গিল বা জয়সওয়াল চোট পায়, তাহলে আরও একজন ওপেনারকে প্রস্তুত রাখা জরুরি।''
১৪ জুন ধর্মশালায় বল গড়াবে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজেই একাধিক ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন হিটম্যান। আর মাত্র তিন রান করলেই তিনি ছাপিয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জাক কালিসকে। পাশাপাশি বড় ইনিংস খেলতে পারলে তিনি পেরিয়ে যেতে পারেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হককেও।















