আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের পর পাকিস্তান সুপার লিগেও বাংলাদেশের ক্রিকেটারদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


এটা ঘটনা, পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের ছয় ক্রিকেটারের খেলার কথা। তারা হলেন, মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন (‌লাহোর কালান্দার্স)‌, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম (‌পেশোয়ার জালমি)‌, রিশাদ হোসেন (‌পেশোয়ার জালমি)‌। এই ছয় ক্রিকেটারকেই পিএসএলের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছে বিসিবি।


এটা ঘটনা, পাকিস্তান–আফগানিস্তান সংঘাত এক নতুন মোড় নিয়েছে। চলতি সপ্তাহেই কাবুলে এয়ারস্ট্রাইক চালিয়েছে পাকিস্তান সেনা। হামলায় অন্তত ৪০০ জন মারা গেছেন। আহতের সংখ্যা অন্তত ২৫০। দু’‌পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। উত্তেজনা কমেনি। এই অবস্থায় পাকিস্তানে ছয় ক্রিকেটারকে পাঠানো নিয়ে চিন্তায় বাংলাদেশ সরকার। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। এই অবস্থায় বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন বলেছেন, ‘‌ক্রিকেটারদের পিএসএলে খেলতে পাঠানোর আগে সরকারের অনুমতি নিতে হবে। পরিস্থিতি ঠিক থাকলে এগুলো কোনও সমস্যাই নয়। আমরা অনুমতি দিলেই ক্রিকেটাররা খেলে চলে আসত। কিন্তু এখন পাকিস্তানের পরিস্থিতি ভিন্ন। সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।’‌


তিনি আরও বলেছেন, ‘‌সরকারের কাছ থেকে জানতে হবে এই অবস্থায় পাকিস্তানে খেলতে যাওয়া নিরাপদ কিনা। সরকারের সিদ্ধান্তের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’‌


তিনি আরও যোগ করেছেন, ‘‌পাকিস্তানের পরিস্থিতি এখন কেমন তা বোঝা যাচ্ছে না। সরকারই বিষয়টি বুঝতে পারবে। সরকার যদি বলে যে কোনও সমস্যা নেই তবেই ক্রিকেটাররা সে দেশে যাবে। ক্রিকেটারদের অনুমতি আমরা দিয়েছি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে।’‌


সূত্রের খবর, বাংলাদেশের ক্রিকেটাররা যদি পিএসএলে খেলতেও যান, তবে প্রস্তুতি শিবির করা হবে না ক্রিকেটারদের। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে বাংলাদেশের।


এটা ঘটনা, শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও পিএসএলে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এমনিতেই আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। টি–২০ বিশ্বকাপেও তারা খেলতে পারেনি।