আজকাল ওয়েবজেস্ক: ইতিহাস গড়ল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ করল নাজমুল হোসেন শান্তর দল।
ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয় এবং দ্বিতীয়বার ২-০ ব্যবধানে পাকিস্তানকে হারানোর নজির গড়ল। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতেও একই ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।
৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান লড়াই চালালেও শেষ পর্যন্ত ৩৫৮ রানেই শেষ হয়ে যায়। শেষ দিনের নায়ক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। দুরন্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ভেঙে দিয়ে তিনি ৩৪.২ ওভারে ১২০ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে লিটন দাসের দুরন্ত পাল্টা আক্রমণাত্মক ১২৬ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ২৭৮ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে বাবর আজমের ৮৪ বলে ৬৮ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও ২৩২ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নিয়ে দলকে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড এনে দেন।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে কার্যত ম্যাচের বাইরে ছিটকে দেয় বাংলাদেশ। মুশফিকুর রহিমের ২৩৩ বলে অনবদ্য ১৩৭ রান এবং লিটন দাসের ৬৯ রানের সৌজন্যে ৩৯০ রান তোলে বাংলার বাঘরা। ফলে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের কঠিন লক্ষ্য।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে অধিনায়ক শান মাসুদের ৭১ ও বাবর আজমের ৪৭ রানের জুটি কিছুটা আশা জাগায়। পরে আগা সলমন ও মহম্মদ রিজওয়ানের ১৩৪ রানের জুটিও লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয়। রিজওয়ান খেলেন ৯৪ রানের দুর্দান্ত ইনিংস।
তবে শেষ পর্যন্ত বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে আর টিকতে পারেনি পাকিস্তান। তাইজুল ইসলাম একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচ বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেন।
ঢাকায় প্রথম টেস্টে ১০৪ রানের জয়ের পর সিলেটে ৭৮ রানের জয় বাংলাদেশের। সব মিলিয়ে স্মরণীয় জয় বাংলার বাঘেদের।















