আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরাকে ছাপিয়ে যেতে পারেন অর্শদীপ সিং। বিশ্বের সেরা পেসারকে টপকে টি-২০ ক্রিকেটে এই রেকর্ড গড়ার মুখে তরুণ বাঁ হাতি পেসার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হতে চলেছেন অর্শদীপ। ভারত-বাংলাদেশ সিরিজেই এই নজির গড়তে পারেন তিনি। প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় পেসারের সংগ্রহ তিন উইকেট। মোট উইকেট ৮৬। গড় ১৮.২৬। বাকি দুই ম্যাচে আর চার উইকেট নিতে পারলেই বুমরাকে ছাপিয়ে যাবেন। ৭০ ম্যাচে ৮৯ উইকেট নিয়েছেন বুমবুম। চলতি সিরিজে নেই তিনি। সুতরাং, তাঁকে টপকে যাওয়ার সুযোগ থাকছে অর্শদীপের সামনে। একইসঙ্গে পেরিয়ে যেতে পারেন ভুবনেশ্বর কুমারকে। ৮৭ ম্যাচে তাঁর সংগ্রহ ৯০ উইকেট। বাকি দুই ম্যাচে পাঁচ উইকেট নিতে পারলে টি-২০ ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করার হাতছানি থাকছে। এই তালিকায় সবার ওপরে যুজবেন্দ্র চাহাল। ৮০ ম্যাচে তাঁর সংগ্রহ ৯৬ উইকেট। 

অল্প সময়ের মধ্যেই ভারতীয় দলের টি-২০ সেটআপে নিজের জায়গা পাকা করে নিয়েছেন অর্শদীপ। ২০২২ সালে দেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। আগুনে ফর্ম ধরে রাখতে পারলে চলতি সিরিজেই টি-২০ ফরম্যাটে দেশের দুই সেরা বোলারকে পেছনে ফেলে দেবেন বাঁ হাতি পেসার। সিরিজ জয়ের মঞ্চে নজর থাকবে অর্শদীপের দিকে। আধুনিক ক্রিকেটের দুই গ্রেটকে কি বাংলাদেশ সিরিজেই টেক্কা দিতে পারবেন? বর্তমানে তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন। তাঁর ঠিক আগে আছেন হার্দিক পাণ্ডিয়া।‌ সংগ্রহ ৮৭ উইকেট। ভারতীয় অলরাউন্ডারের থেকে মাত্র এক উইকেট কম অর্শদীপের। বাকি দুই ম্যাচে পাঁচ উইকেট নিতে পারলে চলতি সিরিজেই পাঁচ থেকে সরাসরি দু'নম্বরে চলে আসবেন তরুণ পেসার।