আজকাল ওয়েবডেস্ক: কেরিয়ারের শেষ ম্যাচ ছিল হিলির। তিনি যখন ব্যাট করতে নামছেন, তখন গার্ড অফ অনার দিচ্ছেন ভারতের ক্রিকেটাররা। এর থেকে ভাল মুহূর্ত আর কী হতে পারে! কেরিয়ারের শেষ ম্যাচে হিলি ৯৮ বলে ১৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন। মহিলাদের ওয়ানডেতে কেরিয়ারের শেষ ম্যাচে এটাই সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। 
 জানুয়ারি মাসেই হিলি জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানাবেন। সেটাই হল। 

২৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। সময় যত এগিয়েছে হিলির ব্যাট ততই আগ্রাসী হয়েছে।  ৪৯ বলে পঞ্চাশ করেন। পরের ৩০ বলে সেঞ্চুরি আসে। ১০০ থেকে ১৫০-এ পৌঁছেছেন ১৬ বলে। ৩৭-তম ওভারে স্নেহ রানার বলে বোল্ড হন ১৫৮ রানে। 

মহিলাদের ক্রিকেটে শেষ ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙেন হিলি। ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজের শেষ ওয়ানডেতে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার জোহমারি লোগটেনবার্গ। ১৯ বছর পরে হিলি ভাঙলেন রেকর্ড। 

হিলির রেকর্ডের দিনে অস্ট্রেলিয়া ৫০ ওভারে করে ৭ উইকেটে ৪০৯ রান। ভারতের ইনিংস শেষ হল ২২৪ রানে। অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নিল ১৮৫ রানে।