আজকাল ওয়েবডেস্ক: আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ চলাকালীন ঢুকেছিল সাপ। খেলা বন্ধ ছিল।
এদিন আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে খেলা চালাকালীন মাঠে ঢুকে পড়ল কুকুর। প্রায় পাঁচ মিনিটের বেশি সময় মাঠে ছিল কুকুরটি। ম্যাচ অবশ্য বন্ধ হয়নি।
এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের খেলা কিন্তু ছাপ ফেলেনি। ১২,৮৫৩ জন দর্শক উপস্থিত হয়েছিলেন যুবভারতীতে প্রিয় দলের খেলা দেখার জন্য। কিন্তু অস্কার ব্রুজোঁর দলের খেলায় ছিল না কামড়। সুযোগ তৈরি হল। সুযোগ নষ্টও হল। গোল করার স্পৃহা দেখা গেল না খেলায়। উল্টে এফসি গোয়া একাধিকবার গোল করার মতো সুযোগ তৈরি করেছিল। ভাগ্য ভাল বলতে হবে ইস্টবেঙ্গলের। সেই সব আক্রমণ থেকে গোল হয়নি।
প্রথম দুই ম্যাচে জয় দিয়ে আইএসএল শুরু করেছিল ইস্টবেঙ্গল। তৃতীয় ম্যাচেই পদস্খলন হল লাল-হলুদ ব্রিগেডের। জামশেদপুরের কাছে হার মানতে হল। পরের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধেও ড্র করল ইস্টবেঙ্গল।
প্রথম দুই ম্যাচে উজ্জ্বল ইস্টবেঙ্গলের রং চটে গেল বাকি দুটো ম্যাচে। বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করলেও ঠোঁট আর পেয়ালার মধ্যে যে দূরত্ব থাকে, তা থেকেই গেল।
ইস্টবেঙ্গলের আক্রমণে সেই কামড় দেখা গেল না। অস্কার হয়তো বলবেন, রোজা রাখার জন্য খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ছেন। গোটা দলটাও ছন্দ হারিয়ে ফেলছে। ইউসেফ এজেজারি প্রথম দুই ম্যাচে চার গোল করেছিলেন। কিন্তু জামশেদপুর ম্যাচ থেকে তিনিও নিষ্প্রভ। এদিন বিপিনের ক্রস থেকে সহজ গোলের সুযোগ নষ্ট করলেন তিনি। একবার তো পড়েই গেলেন। মিগুয়েল অতিরিক্ত বল পায়ে রাখতে গিয়ে খেলার গতি নষ্ট করলেন।
