আজকাল ওয়েবডেস্ক: চুমু খেতেই ভয়াবহ বিপত্তি৷ শিশুর দৃষ্টিশক্তি হারাল। স্নেহের 'চুমু' থেকেই যে এরম কঠিন পরিণতি হতে পারে, তা দুঃস্বপ্নেও ভাবেননি নামিবিয়ার বাসিন্দা মিশেল সাইম্যান। মাত্র ১৬ মাসের ফুটফুটে জুওয়ান এখন এক চোখে দেখতে পায় না। চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণ এক ভাইরাসের সংক্রমণে চিরতরে নষ্ট হয়ে গিয়েছে শিশুর দৃষ্টি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বছর আগস্টে জুওয়ানের চোখে সামান্য লালচে ভাব দেখা দেয়। মা-বাবা ভেবেছিলেন সাধারণ ইনফেকশন। কিন্তু কয়েক দিনেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মিশেল লক্ষ্য করেন, ছেলের চোখের মণির ওপর অদ্ভুত কিছু একটা ফুটে উঠছে। আঁতকে উঠে তিনি দেখেন, জুওয়ান নিজের মণির ওপর আঙুল দিয়ে ঘষছে অথচ তার কোনও ব্যথা লাগছে না। অর্থাৎ, শিশুর চোখ ইতিমধ্যেই বোধশক্তি হারিয়েছে।

পরীক্ষায় ধরা পড়ে, জুওয়ান 'হারপিস সিমপ্লেক্স' (HSV) ভাইরাসে আক্রান্ত। চিকিৎসকদের মতে, কোনও আত্মীয় বা পরিচিতের মুখে হয়তো 'ঠোসা' বা কোল্ড সোর ছিল। সেই অবস্থায় শিশুর চোখের পাশে বা হাতে চুমু খাওয়ায় লালার মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। চোখের মণিতে ৪ মিলিমিটারের একটি গভীর ক্ষত (গর্ত) তৈরি হয়। দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি।

মিশেল জানিয়েছেন, "আমিও খবরের কাগজে অনেকবার পড়েছি শিশুদের চুমু দেওয়া ঠিক নয়। কিন্তু গুরুত্ব দিইনি। ভেবেছিলাম বড়জোর কী আর হবে! আজ নিজের ভুল বুঝতে পারছি।" 

জানা গিয়েছে, বর্তমানে শিশুটির চোখের পাতা সেলাই করে বন্ধ করে রাখা হয়েছে যাতে সংক্রমণ আর না বাড়ে। ভবিষ্যতে হয়তো অস্ত্রোপচার হতে পারে, কিন্তু দৃষ্টি ফিরে আসার নিশ্চয়তা নেই।

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মিশেল সমস্ত বাবা-মায়েদের সতর্ক করেছেন। ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই সর্দি-কাশি বা মুখে ঘা থাকা অবস্থায় বাচ্চাদের আদর করা বা চুমু খাওয়া বিপজ্জনক হতে পারে। সামান্য অসাবধানতাই যে কোনও শিশুর জীবন অন্ধকার করে দিতে পারে, জুওয়ানের জীবনই তার জ্বলজ্যান্ত প্রমাণ।