দৈনন্দিন ব্যস্ততার মধ্যে নিজের জন্য আলাদা করে সময় বার করা বেশ কঠিন৷ ধুলো ধোঁয়া দূষণের জেরে ত্বক হয়ে যায় নিষ্প্রাণ। অল্প বয়সেই ত্বকে বলিরেখা দেখা যায়৷ কিন্তু ঘুমোতে যাওয়ার আগে  যদি নিজের জন্য মাত্র দু'মিনিট সময় দিতে পারেন তাহলেই সকালের আলোর মতো ঝলমল করবে আপনার ত্বক। 

বলিরেখা কেন হয়?  

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেন এবং ইলাস্টিন নামক প্রোটিন কমে যায়৷ ফলে চামড়া আলগা আর পাতলা হয়ে গিয়ে ভাঁজ পড়ে যায়৷

যদিও বয়স একমাত্র কারণ নয়, সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিও ত্বকের কোলাজেনের ক্ষতি করে৷ এছাড়া জল কম খাওয়া, ধূমপান, অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা, ত্বকে ক্ষতিকারক রাসায়নিক যুক্ত মেকাপ ব্যবহারের কারণেও অনেক সময় বলিরেখা দেখা যায়৷ 

বলিরেখা দূর করতে কার্যকরী চার তেল 

আপনার ত্বকে যদি অযত্নের কারণে বলিরেখা পড়ে গিয়ে থাকে৷ তাহলেও চিন্তার কিছু নেই৷ রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে লাগিয়ে নিন এই বিশেষ চার তেলের যে কোনও একটি৷ নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে বলিরেখা দূর হবে৷ ত্বক হয়ে উঠবে কোমল আর উজ্জ্বল৷ 

কোন চারটি তেল ব্যবহার করতে পারেন 

★রোজহিপ অয়েল ( Rosehip Oil)

  রোজহিপ অয়েলে আছে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট। ভিটামিন এ ত্বকে কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে৷ ভিটামিন সি মেচেতা বা পিগমেন্টেশন কমায়। রোজহিপ অয়েলে থাকা ক্যারোটিনয়েডস নামক অ্যান্টিঅক্সিডেন্ট বলিরেখা দূর করতে বিশেষ কার্যকরী৷ রোজহিপ অয়েল নন কমোডোজেনিক অর্থাৎ এর ব্যবহারে লোমকূপের মুখ বন্ধ হয় না তাই সব ধরনের ত্বকের জন্যই রোজহিপ অয়েল উপকারী৷ 

★ বেদানার বীজের তেল ( pomogranate seed oil) 

বেদানা বা ডালিম খুবই উপকারী ফল৷ এই ফলের বীজ থেকে তেল তৈরি হয়৷  এই তেলে থাকে পুনিসিক অ্যাসিড ( Punicic Acid) ওমেগা ৫ সমৃদ্ধ এই উপাদান ত্বককে অকালবার্ধক্য থেকে রক্ষা করে৷ বেদানার বীজের তেলে থাকে লিনোলিক অ্যাসিড (Linoleic Acid)  এবং ওলিক অ্যাসিড (Oleic Acid) এগুলি ত্বককে আর্দ্র রাখে। বেদানার বীজের তেল চিটচিটে নয়৷ তাই শুষ্ক ত্বক এমনকি ব্রণযুক্ত ত্বকেও বিশেষ ভাবে কাজে আসে। 

★ আর্গান অয়েল (Argan Oil) 

আর্গান অয়েলে রয়েছে ভিটামিন ই আর স্ক্যালেন(squalene)। এই দুই উপাদান ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে৷ এর মধ্যে থাকা ওলিক অ্যাসিড আর লিনোলিক অ্যাসিড ত্বককে শুষ্ক হতে দেয় না৷ এর ফলে বলিরেখা আসে না৷ আর পলিফেনল থাকায় এটি ত্বকের যে কোনও রকম সংক্রমণে বিশেষ উপকারী৷ 

★ মারুলা অয়েল ( Marula Oil) 

মারুলা অয়েলে আছে ওমেগা ৩,৬ আর ৯। এগুলি ত্বকের আর্দ্রতা বজায় রাখে৷ ত্বককে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়৷ মারুলা অয়েল ত্বকের দাগছোপ দূর করে৷ মেচেতার দাগ দূর করতেও বিশেষ কার্যকরী৷ নন কমোডোজেনিক হওয়ায় সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়৷ 


এই তেলগুলি ব্যবহার করার পাশাপাশি বলিরেখা দূর করার জন্য মেনে চলুন কিছু নিয়ম 

 ★ ত্বক যাতে শুষ্ক না হয় তার জন্য নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে৷ 
★ সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 
★ পুষ্টিকর খাবার আর পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে৷ 
★ মানসিক চাপ কমানোর জন্য এবং অনিদ্রার সমস্যা দূর করতে প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট যোগাসন করতে পারলে ভাল৷