বর্তমানে ভারতীয়দের অন্যতম প্রধান পরিচয় পত্র হল আধার কার্ড। ব্যাঙ্কের কাজ হোক বা কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া বা অন্য কোনও বিষয়, সবেতেই আধার কার্ডের বিশেষ গুরুত্ব রয়েছে। লাগেও। কিন্তু জানেন কি কোনও ব্যক্তির পর কী করা উচিত তাঁর আধার কার্ড নিয়ে?
আপনি যদি আপনার কোনও নিকট আত্মীয় বা পরিবারের কাউকে হারান তাহলে তাঁর আধার কার্ডের কী করা উচিত? মৃত্যুর পর সেই ব্যক্তির নথি নিয়ে কী করা উচিত এই বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। এমনই পড়ে থাকে, বা ফেলা দেওয়া হয় পরবর্তীতে। কিন্তু তা মোটেই সঠিক কাজ নয়। জেনে নিন কীভাবে সেই ব্যক্তির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করবেন।
মৃত ব্যক্তির আধার কার্ড যাতে কোনও অসৎ কাজে ব্যবহৃত না হয় তার জন্য UIDAI সরল এবং সহজ পদ্ধতিতে সেটাকে ডিঅ্যাক্টিভেট করার ব্যবস্থা করেছে। ধাপে ধাপে কীভাবে এই কাজ সম্পন্ন করবেন জেনে নিন বিস্তারিত।
UIDAI এর তরফে জানানো হয়েছে, যে কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা জরুরি। এতে তাঁর পরিচিতি নিয়ে কেউ কোনও ভুল কাজ করতে পারবেন না এবং সেই মৃত ব্যক্তির পরিবারকেও ঝঞ্ঝাট পোহাতে হবে না। এটার জন্য কোথাও যেতে হবে না। বাড়ি বসে করা যাবে কাজটি। তার জন্য MyAadhaar পোর্টালে যান। এবার সেখানে লগইন করুন।
এবার 'রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার' অপশনে ক্লিক করুন। মৃত ব্যক্তির সমস্ত প্রয়োজনীয় তথ্য যা যে পোর্টালের তরফে চাওয়া হচ্ছে সেগুলো ভরে দিন। এবার সঙ্গে যে যে প্রয়োজনীয় নথির ছবি বা তথ্য চাওয়া হচ্ছে সেগুলোও দিন। সাবমিট অপশনে এবার ক্লিক করুন।
যাচাই হওয়ার পর সেই মৃত ব্যক্তির আধার নম্বর ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। পরবর্তীতে এই নম্বরের সাহায্যে বা সেই ব্যক্তির পরিচয়ে কেউ কোনও ভুল বা অনৈতিক কাজ করতে পারবে না।
বর্তমান সময়ে প্রায় সমস্ত ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা। এমনকী মোবাইল নম্বরের সঙ্গেও। তাই কারও মৃত্যু হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া আবশ্যক।
প্রিয়জনকে হারানোর শোক প্রবল হয়, অন্যান্য নানা ব্যস্ততা থাকে সেই সময়। কিন্তু একই সঙ্গে তাঁর নথিগুলোর যথাযথ ব্যবস্থা নেওয়াও তাঁর প্রিয়জনদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
