উবের বুকিং এবং চালক নিয়ে থামছে না বিতর্ক। সে বাংলা হোক কিংবা সুদূর অস্ট্রেলিয়া! তবে এবার ঝামেলা স্রেফ কথা কাটাকাটি কিংবা গালমন্দে থেমে থাকেনি। রক্তারক্তি কাণ্ড পর্যন্ত গড়িয়েছে!
অস্ট্রেলিয়ায় এক উবার চালক এবং দুজন স্থানীয় অস্ট্রেলীয় যুবতীর মধ্যকার এক রক্তারক্তি মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে। দাবি করা হয়েছে, ওই উবের ক্যাবচালক নাকি প্রবাসী ভারতীয়! বুকিং বাতিল করা এবং গাড়ি থেকে নেমে যাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বচসা মুহূর্তের মধ্যে শারীরিক হেনস্থা এবং হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে, রেগে গিয়ে চালক ওই দুই যুবতীর গায়ে ফুটন্ত গরম কফি ছুড়ে মারেন বলে অভিযোগ। এই ঘটনার পর ইন্টারনেটের বাসিন্দারা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।
এক্স-এ ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, উবের চালক কোনও একটি কারণে ওই দুই যুবতীকে নিয়ে যেতে অস্বীকার করেন এবং তাঁদের রাইডটি বাতিল করতে বলেন। কিন্তু ওই যুবতীরা গাড়ি থেকে নামতে সরাসরি অস্বীকার করেন এবং চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। ধীরে ধীরে চরমে ওঠে ঝামেলা। এরপর ঝামেলার এক পর্যায়ে ক্ষুব্ধ চালক তাঁদের হুমকি দিয়ে বলেন, “আমার গাড়ি থেকে বের হও। কথা বুঝতে পারছ না? আমি শেষবারের মতো বলছি, নাহলে তোমাদের গায়ে গরম কফি ছুড়ে দেব কিন্তু!”
কিন্তু যুবতীরা গাড়ি থেকে না নেমে পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করতে থাকেন। তাঁদের মধ্যে একজন বলেন, “আমি ট্রিপ বাতিল করব না, কারণ উবের অ্যাপে বুকিং বাতিল করলে আমার ফাইন কাটা যাবে। তুমি যদি যাবেই না, তবে রাইড অ্যাক্সেপ্ট করলে কেন?”
ঝামেলা যখন চরমে পৌঁছায়, চালক আচমকা ওঁর হাতে থাকা গরম কফির কাপটি ওই যুবতীদের দিকে ছুড়ে মারেন। চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে বেশ কিছু পথচারী ও স্থানীয় মানুষ জড়ো হন। একজন পথচারী যখন যুবতীদের কাছে জানতে চান কী ঘটেছে, তখন এক যুবতী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা গাড়িতে ওঠার পর ও বলল ও দুজনকে নিয়ে যেতে পারবে না। আমি বললাম, তবে রাইড অ্যাক্সেপ্ট করলে কেন ফালতু? ও গাড়ি থামিয়ে আমাদের বুকিং ক্যানসেল করতে বাধ্য করল এবং এই বোকাটা নোংরা গালিগালাজ শুরু করল।”
ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, গরম কফি গায়ে পড়ার কারণে ওই যুবতীদের মধ্যে একজন গুরুতরভাবে পুড়ে গেছেন এবং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ যেমন যাত্রীদের নিরাপত্তা এবং চালকের এমন হিংস্র আচরণের তীব্র নিন্দা করেছেন, অন্য অংশটি আবার ওই দুই যুবতীর অহংকার এবং ‘অনধিকারপ্রবেশ’-কে দায়ী করেছেন।
চালকের পক্ষে এক ইউজার লিখেছেন, “ওরা নিজেরাই স্বীকার করছে যে রাইড বাতিল হয়ে গেছে, তাও কেন ওরা অন্যের ব্যক্তিগত গাড়িতে বসে ঝামেলা করছিল? চালক ওঁর গাড়ি থেকে যে কাউকেই নেমে যেতে বলতে পারেন। ওরা সস্তা ইগো দেখাতে গিয়ে এই কাণ্ড বাঁধাল।” অন্য একজন লিখেছেন, “কেন ওরা গাড়ি থেকে নামছিল না? চালক ওঁর পরিবার চালাতে রোজগার করতে বেরিয়েছেন। ফালতু খেলা খেললে এমনই শাস্তি পেতে হয়।”
চালকের বিপক্ষেও যুক্তি দিয়েছেন অনেকেই। তাঁদের মতে - যাত্রীরা ভুল করলেও একজন চালকের কোনও অধিকার নেই কারও গায়ে ফুটন্ত কফি ছুড়ে মারার। ওঁর উচিত ছিল মাথা ঠান্ডা রেখে সরাসরি পুলিশকে ফোন করা।
বর্তমানে স্থানীয় পুলিশ এই পুরো মারামারির ভিডিও এবং ঘটনার সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।















