আজকাল ওয়েবডেস্কঃ শীতে ত্বকের যত্ন নেওয়া সহজ নয়। তৈলাক্ত মানেই কোনও কারণ ছাড়াই ব্রণ হতে থাকে। এই ধরনের ত্বকের যত্নও তাই সতর্ক হয়ে করা জরুরি। তৈলাক্ত ত্বক এমনিতেই ভীষণ স্পর্শকাতর হয়। ফলে একটু গাফিলতি হলেই নানা সমস্যা দেখা দিতে শুরু করে। শীতে ত্বক যাতে ঝলমলে থাকে তার জন্য কয়েকটি ভুল এড়িয়ে চলা জরুরি। নয়তো সমস্যায় পড়তে হতে পারে। নামিদামী কোম্পানির রাসায়নিক মিশ্রিত ক্রিম না লাগিয়ে ভরসা রাখুন এই ঘরোয়া উপায়ে তৈরি ময়েশ্চারাইজারে। জেনে নিন কীভাবে বানাবেন এই ক্রিম।
একটি পাত্রে দু'চামচ চাল ও ৪-৫টি আমন্ড বাদাম ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে নিন। ভেজানো চাল ও বাদাম ব্লেন্ড করে নিন। ছেঁকে নিন। ছেঁকে নেওয়া পেষ্ট একটি বাটিতে রাখুন। এর উপর দু'চামচ করে অ্যালোভেরা জেল ও গ্লিসারিন মিশিয়ে নিন। একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন। ভাল করে মিশিয়ে একটি ঘন ক্রিম তৈরি করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিম মুখে মেখে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে উত্তোরত্তর বেড়েই চলবে।
চালের গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যদি নিয়মিত চালের গুঁড়ো মুখে লাগান, তাহলে ত্বকের মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বকের ভিতরে রক্ত সঞ্চালন বাড়ে। অক্সিজেন সরবরাহও পর্যাপ্ত পরিমাণে হয়। তাই সাময়িক ভাবে জেল্লা বৃদ্ধি হয়। চালের গুঁড়োর গুণে ত্বকও উজ্জ্বল হতে পারে? চালের গুঁড়ি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, কালচে ছোপ দূর করে,ত্বক টানটান ও ঝকঝকে করে তোলে। ঘরোয়া কয়েকটি উপকরণ এর সঙ্গে মিশিয়ে নিলেই পেতে পারেন কাঙ্ক্ষিত ফল। চালের গুঁড়ো দিয়ে তৈরি রকমারি ফেসপ্যাকের যে কোনও একটি ব্যবহার করলেই, খরচ করে আর নামী-দামি প্রসাধনী ব্যবহারের দরকার পড়বে না। তবে, সে ক্ষেত্রে চালের গুঁড়ো মিশিয়ে মুচমুচে তেলেভাজার লোভ খানিক ত্যাগ করতে হবে। কারণ, ভাজাভুজিতে শরীর থেকে ত্বক কোনওটিই ভাল থাকে না।
















