আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুমে ফাটছে ঠোঁট? দিনের পর দিন ঠোঁটে বাম লাগিয়ে কোনও লাভ হচ্ছে না? সমীক্ষায় দেখা গিয়েছে, যে প্রতিটি ঠোঁটের প্রসাধনী আসলে ঠোঁটকে সঠিক মাত্রায় আর্দ্র রাখতে পারে না। এমনকি ভুল পণ্য সমস্যাটিকে আরও খারাপ করে তুলতে পারে। এমন একটি লিপবাম বেছে নেওয়া দরকার যা ত্বকের জন্য ভাল।
সারাবছর লিপবাম ব্যবহার করতে হবে এমন কোনও ব্যাপার নয়। তবে বছরের অধিকাংশ সময় যদি আপনার ঠোঁট রুক্ষ থাকে তবে তা চিন্তার বিষয়। থেরাপিস্টের মতে, অনেক সময় লিপবামের উপাদানের কারণে ঠোঁটে অ্যালার্জি হয় বা রুক্ষতা বেড়ে যায়। প্রকৃতপক্ষে ঠোঁটকে পুষ্ট করতে এবং ফাটা ত্বক নিরাময় করার জন্য, আপনাকে সঠিক উপাদান সহ একটি লিপবাম ব্যবহার করতে হবে। এমন একটি ফর্মুলেশন ব্যবহার করতে হবে যাতে আছে হিউমেক্ট্যান্ট এবং অক্লুসিভস। যা জলকে শোষণ করে এবং ধরে রাখে। অন্যথায়, জল বাষ্প হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ঠোঁট আরও শুকিয়ে যাবে। সাধারণ হিউমেক্ট্যান্ট হল গ্লিসারিন এবং হায়লুরোনিক অ্যাসিড।
এছাড়াও, লিপবামে এসপিএফ থাকা গুরুত্বপূর্ণ। ঠোঁটে মেলানিন থাকে না। ইউভি- রশ্মির ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এসপিএফ। ত্বকের ধরণ অনুযায়ী লিপবাম বেছে নেওয়া উচিত। তবে, ল্যানোলিন হল একটি সাধারণ উপাদান যা ঠোঁটের বামগুলিতে পাওয়া যায়। এবং এটি অ্যালার্জি, জ্বালা এবং সময়ের সঙ্গে শুষ্ক ঠোঁটের সমস্যার জন্য দায়ী।















