দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী তাঁর অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের জন্যও ভক্তদের কাছে জনপ্রিয়। অন্য অনেক অভিনেত্রীর মতো তিনি সবসময় ভারী মেকআপ করেন না। বরং বেশিরভাগ সবময়ই তাঁকে দেখা যায় একেবারে স্বাভাবিক লুকে। তাঁর উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক দেখে অনেকেই জানতে চান, কীভাবে তিনি নিজের ত্বকের যত্ন নেন।

সাই পল্লবী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি অযথা প্রসাধনী ব্যবহার করতে পছন্দ করেন না। শুটিং না থাকলে তিনি সাধারণত মেকআপ এড়িয়ে চলেন। তাঁর মতে, ত্বককে যতটা সম্ভব স্বাভাবিকভাবে শ্বাস নিতে দেওয়া উচিত। এতে ত্বক সুস্থ থাকে এবং নানা ধরনের সমস্যাও কম হয়।

অভিনেত্রী আরও জানান, তিনি খুব বেশি বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন না। ত্বক পরিষ্কার রাখা, নিয়মিত ময়েশ্চারাইজার লাগানো এবং রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করাই তাঁর দৈনন্দিন অভ্যাস। এছাড়া যতটা সম্ভব প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নিতে তিনি পছন্দ করেন।

সাই পল্লবীর মতে, শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না, সুন্দর ত্বকের জন্য ভেতর থেকেও শরীরকে সুস্থ রাখতে হবে। তাই তিনি প্রতিদিন পুষ্টিকর খাবার খান। তাঁর খাদ্যতালিকায় থাকে সবুজ শাকসবজি, টাটকা ফল, ডাল, প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত জল। অতিরিক্ত তেল-মশলাযুক্ত, ভাজাভুজি বা প্যাকেটজাত খাবার তিনি যতটা সম্ভব এড়িয়ে চলেন।

অভিনেত্রী নিয়মিত শরীরচর্চাও করেন। ব্যস্ত সময়ের মধ্যেও হাঁটা, হালকা ব্যায়াম বা যোগব্যায়ামের জন্য সময় বের করেন। তাঁর মতে, শরীর সুস্থ থাকলে ত্বকও স্বাভাবিকভাবে উজ্জ্বল থাকে।

পর্যাপ্ত ঘুমকেও তিনি খুব গুরুত্ব দেন। কম ঘুম হলে ত্বক ক্লান্ত দেখায়, চোখের নীচে কালো দাগ পড়ে এবং মুখের জেল্লা কমে যায়। তাই প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন তিনি। পাশাপাশি মানসিক চাপ কম রাখার দিকেও নজর দেন। কারণ অতিরিক্ত স্ট্রেস ত্বকের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সাই পল্লবীর আরেকটি বিশেষ অভ্যাস হল, তিনি নিজের স্বাভাবিক চেহারা নিয়ে কখনও অস্বস্তি বোধ করেন না। মুখে ব্রণ, তিল বা ছোটখাটো দাগ থাকলেও তা লুকোনোর চেষ্টা করেন না। বরং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের প্রাকৃতিক সৌন্দর্যকেই মেনে নেন। তাঁর এই মনোভাবই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

সাই পল্লবীর সৌন্দর্যের রহস্য কোনও দামি প্রসাধনী নয়। বরং সহজ জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ত্বকের যত্ন, পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা এবং আত্মবিশ্বাস-এই কয়েকটি অভ্যাসই তাঁকে মেকআপ ছাড়াই উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করে। তাই সুন্দর ত্বক পেতে শুধু প্রসাধনীর উপর নির্ভর না করে, স্বাস্থ্যকর জীবনযাপনকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরাও।