হঠাৎ যদি দেখেন ফ্রিজের নিচে জল জমে রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই চিন্তা হওয়ার কথা। অনেকেই মনে করেন, ফ্রিজে বড় ধরনের সমস্যা হয়েছে এবং সঙ্গে সঙ্গে মেকানিক ডাকতে হবে। কিন্তু সব সময় বিষয়টি এতটা গুরুতর নয়। অনেক ক্ষেত্রেই কয়েকটি সাধারণ কারণের জন্য ফ্রিজ থেকে জল পড়তে শুরু করে। সেগুলি চিহ্নিত করতে পারলে বাড়িতেই সহজে সমস্যার সমাধান করা যায়।


ডিফ্রস্ট ড্রেন আটকে গিয়েছে দেখুন।।ফ্রিজের ভিতরে বরফ গলে যে জল তৈরি হয়, তা একটি ছোট ড্রেন পাইপ দিয়ে নিচের ট্রেতে চলে যায়। সেখানে জমা জল পরে নিজে থেকেই শুকিয়ে যায়। কিন্তু এই ড্রেন যদি খাবারের কণা, ময়লা বা বরফের কারণে বন্ধ হয়ে যায়, তাহলে জল বেরতে পারে না। ফলে সেই জল ফ্রিজের ভিতরে বা নিচে জমতে থাকে।

এক্ষেত্রে প্রথমে ফ্রিজের প্লাগ খুলে দিন। ড্রেনের মুখ খুঁজে পরিষ্কার করুন। হালকা গরম জল বা একটি সরু পাইপ ক্লিনার দিয়ে ময়লা বের করার চেষ্টা করুন। 


ফ্রিজের দরজার চারপাশে যে রাবারের সিল থাকে, সেটি নোংরা বা ছিঁড়ে গেলে দরজা পুরোপুরি বন্ধ হয় না। তখন বাইরের গরম ও আর্দ্র বাতাস ফ্রিজের ভিতরে ঢুকে অতিরিক্ত জলীয় বাষ্প তৈরি করে। সেই বাষ্প পরে জলে পরিণত হয়ে ফ্রিজে জমে যায়।


এই সমস্যায় রাবারের সিল পরিষ্কার করুন। কোথাও ফেটে গেলে বা আলগা হয়ে গেলে সেটি বদলে ফেলুন। দরজা ভালভাবে বন্ধ হচ্ছে কিনা, তা পরীক্ষা করুন।


অনেক সময় ফ্রিজ যদি একদিকে বেশি হেলে থাকে, তাহলে ভিতরের জল ঠিকভাবে ড্রেনের দিকে যেতে পারে না। ফলে জল জমে নিচে পড়তে শুরু করে। এক্ষেত্রে ফ্রিজ সমান মেঝেতে রাখুন। প্রয়োজনে ফ্রিজের পা ঠিক করে নিন, যাতে সেটি ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে থাকে।


যেসব ফ্রিজে আইস মেকার বা ওয়াটার ডিসপেনসার রয়েছে, সেগুলিতে জল সরবরাহের পাইপ ঢিলা হয়ে গেলে বা ফেটে গেলে জল পড়তে পারে। ফ্রিজের পিছনের পাইপ ভালোম করে পরীক্ষা করুন। পাইপে ফাটল বা লিক থাকলে দ্রুত বদলে ফেলুন।


ফ্রিজের নিচে একটি ট্রেতে ডিফ্রস্টের জল জমা হয়। ট্রেটি যদি ফেটে যায় বা সরে যায়, তাহলে জল সরাসরি মেঝেতে পড়বে। ট্রে ঠিক জায়গায় আছে কিনা দেখুন। ফেটে গেলে নতুন ট্রে লাগান।


কখন মেকানিক ডাকবেন? যদি এসব করার পরেও বারবার জল পড়ে, ফ্রিজ ঠান্ডা না করে, অস্বাভাবিক শব্দ হয় বা ভিতরে অতিরিক্ত বরফ জমে, তাহলে আর দেরি না করে একজন দক্ষ মেকানিকের সাহায্য নিন। নিজে ফ্রিজ খুলে মেরামত করতে গেলে আরও বড় ক্ষতি হতে পারে।


মনে রাখবেন, ফ্রিজ থেকে জল পড়া মানেই বড় সমস্যা নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, দরজার রাবার পরীক্ষা এবং ড্রেন পরিষ্কার রাখলে এই ধরনের সমস্যা অনেকটাই এড়ানো যায়। তাই মেকানিক ডাকার আগে এই সহজ বিষয়গুলি একবার দেখে নিন। অনেক সময় এতেই সমস্যার সমাধান হয়ে যায়।