বলিউড থেকে হলিউড—নিজের অভিনয় দিয়ে বিশ্বজোড়া পরিচিতি তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে শুধু অভিনয় নয়, নিজের ফিটনেস ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্যও তিনি বরাবরই নজরে থাকেন।
এবার তাঁর পছন্দের একটি সামার স্যালাডের রেসিপি সামনে এসেছে, যা গরমের দিনে শরীরকে সতেজ রাখার পাশাপাশি পেটের স্বাস্থ্য ও হাড়ের জন্যও উপকারী বলে জানানো হয়েছে।
প্রিয়াঙ্কার এই স্যালাডটি মূলত প্রোটিন, ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। হালকা অথচ পেট ভরানো এই খাবারটি গরমের জন্য একদম উপযুক্ত। এতে রয়েছে তাজা সবুজ শাকপাতা, অ্যাসপারাগাস, ইংলিশ পি, ওয়াটারমেলন র্যাডিশ, অ্যাভোকাডো এবং ফেটা চিজ।
প্রিয়াঙ্কার সামার স্যালাড বানাতে যা লাগবে:
৪-৬ কাপ স্প্রিং গ্রিনস
১ কাপ অ্যাসপারাগাসের টুকরো
১ কাপ তাজা ইংলিশ পি
তরমুজ আর মুলো পাতলা করে কাটা
আধখানা অ্যাভোকাডো
আধ কাপ ফেটা চিজ
১/২ চামচ নুন
১/৪ চামচ গোলমরিচ
৩ চামচ লেবুর রস
১ চামচ পুদিনা পাতা
১/৪ কাপ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল
স্যালাডের ড্রেসিংয়ের জন্য লাগবে অলিভ অয়েল, লেবুর রস, পুদিনা পাতা, রসুন, সামান্য নুন ও গোলমরিচ। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে উপর থেকে ড্রেসিং ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর এই স্যালাড।
এই স্যালাডের বিশেষত্ব হল এর পুষ্টিগুণ। সবুজ শাকপাতা থেকে পাওয়া যায় ভিটামিন A, C, K, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আর হাড় মজবুত রাখে।
অ্যাভোকাডোতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। ফাইবার সমৃদ্ধ উপাদানগুলি হজমশক্তি ভাল রাখতে সাহায্য করে। গরমে শরীরকে হাইড্রেটেড রাখতেও এই ধরনের তাজা সবজির স্যালাড কার্যকর হতে পারে।
চাইলে এতে গ্রিল করা চিকেন যোগ করে প্রোটিনের পরিমাণ আরও বাড়ানো যায়। প্রিয়াঙ্কা চোপড়ার এই স্যালাড প্রমাণ করে, স্বাস্থ্যকর খাবার মানেই স্বাদহীন নয়।















