পয়লা বৈশাখ মানেই ভরপুর বাঙালিয়ানা৷ বাঙালির উৎসব মিষ্টি ছাড়া তো চলে না৷ পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতেই বানিয়ে নিন মালপোয়া৷
কী কী লাগবে?
২ কাপ সুজি
২ কাপ ময়দা
স্বাদমত নুন
১/২ কাপ চিনি
৩ কাপ দুধ
১ চা চামচ মৌরি
১ চা চামচ ঘি
১ চা চামচ গোলাপ জল
৫০০ মিলি জল
১ কেজি চিনি
৩-৪ টি এলাচ
ভাজার জন্য তেল
একটা বড় বাটিতে ২ কাপ সুজি আর ২ কাপ ময়দা নিয়ে নিন। সামান্য নুন আর ১ কাপ চিনি নিয়ে সমস্ত শুকনো উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন। এরপর ৩ কাপ দুধ নেবেন। দুধ আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখতে হবে৷ তিন কাপ দুধ একেবারে ঢেলে দেবেন না। প্রথমে ১ কাপ দুধ ঢেলে ভাল ভাবে মিশিয়ে নিন৷ এরপর আবার এক কাপ দুধ দিয়ে আরেকটু মিশিয়ে তারপর আর এক কাপ দুধ দিয়ে আবারও ভাল ভাবে মিশিয়ে নিন৷ মনে রাখবেন মিশ্রণটিতে কোনও ড্যালা থাকবে না একদম নরম মিশ্রণ হবে৷ এই মিশ্রণটি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে৷ যাতে সুজি দুধের সঙ্গে মিশে একটু ফুলে ওঠে৷
মৌরি শুকনো তাওয়ায় হালকা করে ভেজে নিয়ে গুড়িয়ে নিতে হবে৷ এবার ওই মিশ্রণে ভাজা মৌরি গুঁড়ো আর ঘি এবং সামান্য গোলাপজল দিয়ে আবারও ভাল করে মিশিয়ে নিতে হবে৷ এবার এই মিশ্রণটা ঢাকা দিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে৷ এই সময়টা দিলে মালপোয়া নরম হবে আর ফুলবে৷
এবার ৫০০ মিলি জল আর এক কেজি চিনি কড়াইতে দিয়ে ভাল ভাবে ফুটিয়ে নিতে হবে৷ এর মধ্যে কয়েকটা এলাচ ভেঙে দিন৷ রসটা ফুটে উঠলে একটা চামচের সাহায্যে সামান্য রস তুলে হাতে লাগিয়ে দেখুন৷ যদি সামান্য চটচটে হয় তাহলে রসটা হয়ে গিয়েছে৷
রসের কড়াই নামিয়ে রেখে দিন৷
কড়াইতে সাদা তেল গরম করে ওই মিশ্রণ একটা হাতার মাধ্যমে এক হাতা তুলুন৷ কড়াইয়ের মাঝখানে মিশ্রণটা দিয়ে ১০-১২ সেকেন্ড অপেক্ষা করুন। এইসময় উপর থেকে কড়াইয়ের গরম তেল খুন্তি দিয়ে দিতে থাকুন।
দুদিক লাল করে ভাজা হলে মালপোয়া তেল থেকে তুলে রসে ডুবিয়ে নিন৷ একদিক ভাল করে রসে ভিজে গেলে উল্টে দিন৷ এভাবে রসে ডুবিয়ে দশ মিনিট রাখার পর অন্য পাত্রে তুলে নিন৷















