নিয়মিত ডায়েট শরীরচর্চা যাঁরা করেন তাঁরাও জানেন আবার যাঁরা শরীরচর্চা করতে পছন্দ করেন না তাঁরাও আজকাল মিষ্টি এড়িয়ে চলেন৷ কিন্তু যাঁদের দিনের শেষে একটু মিষ্টি না হলে চলে না তাঁরা কী করবেন?  

তাঁদের জন্যই রইল আজকের রেসিপি মাখানা পুডিং। মিষ্টি খাওয়ার ইচ্ছাও মিটবে আবার ওজনও বাড়বে না। কীভাবে বানাবেন?  

মাখানা পুডিং বানাতে কী কী লাগবে দেখে নিন

মাখানা- ২ কাপ
জল ঝরানো টকদই - ১ কাপ 
মধু - ২ টেবিল চামচ 
কাঠবাদাম - ১/২ কাপ। এটা আগেরদিন রাতে ভিজিয়ে রাখতে হবে৷ খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে হবে৷ 

অল্প গোলমরিচ গুঁড়ো  আর ছোট এলাচের গুঁড়ো 

কেশর- এক চিমটে কেশর নিয়ে ঈষদুষ্ণ জলে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে৷ 

কী ভাবে বানাবেন?  

মাখানা শুকনো কড়াইতে মিনিট খানেক নেড়ে নিন৷ অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায় বা বেশি লাল না হয়ে যায়৷ এবার ব্লেন্ডারে মাখানা, দই, ভেজানো কেশর, টুকরো করা কাঠবাদাম, মধু, গোলমরিচ আর এলাচের গুঁড়ো সব একসঙ্গে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন৷ 

এবার মিশ্রণটা কাপের মধ্যে ঢেলে উপর থেকে অল্প কেশর আর কাঠবাদাম ছড়িয়ে ফ্রিজে রাখতে হবে৷ ঠাণ্ডা করে খেতে হবে৷