আজকাল ওয়েব ডেস্ক: খিদে পেলে অনেকেরই মুঠো মুঠো চিনেবাদাম খাওয়ার অভ্যাস রয়েছে। সারাদিনে তিনটে ভারী খাবারের মাঝেও টুকটাক মুখ চালানোর জন্য বাদাম ভাল বিকল্প হতে পারে, এমনই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কাঁচা হোক বা শুকনো খোলায় ভাজা, বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য বিশেষ উপকারী। কিন্তু বাদাম খাওয়া কি সত্যি স্বাস্থ্যকর?
চিনেবাদাম এমনিতে স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল। এতে নানা রকম খনিজ, প্রোটিন ছাড়াও রয়েছে ‘গুড ফ্যাট’। কিন্তু বেশি পরিমাণে খেয়ে ফেললে হতে পারে উল্টো ফল। চিনে বাদামে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। ফলে বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
বাজার থেকে কেনা চিনেবাদামের বেশির ভাগ প্যাকেটে আসে। ফলে বাদামের সঙ্গে ভাল মাত্রায় নুনও মেশানো থাকে। রোজ এই নুন মেশানো বাদাম খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। যা থেকে রক্তচাপের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। বাদামে অ্যালার্জি খেলেও শরীরে নানা রকম সমস্যা দেখে দিতে পারে। যা কখনও কখনও মারাত্মক হয়ে উঠতে পারে। তাই অ্যালার্জির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।
শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে চিনাবাদাম খাওয়া এড়িয়ে চলাই শ্রেয়। এতে রয়েছে বিপুল প্রোটিন এবং ফ্যাট। যা ইউরিক অ্যাসিড আরও বাড়িয়ে দিতে পারে। ফলে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে চিনাবাদাম না খাওয়াই ভালো। এছাড়াও কিডনি, লিভার, আর্থারাইটিসের সমস্যা থাকলে বুঝে বাদাম খাওয়া উচিত।
















