আজকাল ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় দানার প্রভাবে সকাল থেকে মেঘলা আকাশ। বাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। আর বৃষ্টি মানেই যেন মন চায় খিচুড়ি। তবে কর্মব্যস্ততার দিনে হাতে যে বেশি সময় নেই। তাই কম সময়ের মধ্যেই করতে হবে ডিনারের আয়োজন। নিরামিষ নয়, বৃষ্টির দিনে ঝটপট বানাতে পারেন আমিষ খিচুড়ি। জেনে নিন সেই রেসিপি।

উপকরণ: মুরগির মাংস- ছোট ছোট টুকরো করা, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, মুসুর ডাল, পেঁয়াজকুচি, রসুনকুচি, আদা-লঙ্কা কুচি, টমেটো কুচি, গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘি, তেল, নুন স্বাদমতো

প্রথমে প্রেশার কুকারে তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা দিন। এরপর একে একে পেঁয়াজকুচি, আদা-লঙ্কাকুচি, রসুনকুচি দিয়ে ভাজতে থাকুন। খানিকটা লাল লাল হয়েএলে মাংসের টুকরোগুলো দিয়ে ফের ভাল করে ভেজে নিন। এবার টমেটোকুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। বেশ খানিকটা মাখোমাখো হয়ে এলে চাল ও ডাল মেশান। 

এরপর মেশাতে হবে হলুদ, লঙ্কাগুঁড়ো সহ বাকি মশলা। এবার যদি এক কাপ চাল নেন, তাহলে দেড় কাপ গরম জল মেশান। ভাল করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে একটা সিটি দিন। শেষে কুকার খুলে ঘি ও গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আমিষ খিচুড়ি।