নিয়ম করে ত্বক-চুলের যত্ন নিলেও নখের পরিচর্যা অনেক সময়ই উপেক্ষিত থেকে যায়। সাজগোজ মানে তো শুধুই মুখের মেকআপ নয়, নখের সাজ স্টাইল স্টেটমেন্টকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। সুন্দর, পরিষ্কার পরিপাটি নখ আকর্ষণীয় করে তোলে ব্যক্তিত্ব। তবে পার্লারে নেল আর্ট করাতে সময় ও খরচ—দুটোই কম নয়। সামান্য উপকরণ আর একটু যত্ন নিয়ে বাড়িতেই করে নিতে পারেন মনপসন্দ নেল আর্ট।


আগে প্রস্তুতি জরুরি

সবচেয়ে আগে দু’হাতের নখ ভাল করে পরিষ্কার করুন। অনেক সময় নখে হলদে দাগ বা পুরনো নেলপলিশের ছাপ থেকে যায়। রিমুভার দিয়ে তা মুছে ফেলুন। আগে থেকে নেলপলিশ লাগানো থাকলে সেটিও তুলে নিন। এরপর নখের অসমান কোণ নেলকাটার দিয়ে সমান করে নিন। নখ খুব বড় হলে ছোট করুন কিংবা প্রতটি নখ একই মাপের করুন। অনেকেই নেল এক্সটেনশন করান, কিন্তু তাতে ব্যবহৃত রাসায়নিক নখের ক্ষতি করতে পারে। তাই নখ সুরক্ষিত রাখতে আগে একটি বেস কোট বা স্বচ্ছ নেলপলিশ লাগিয়ে নেওয়া শ্রেয়। এতে রাসায়নিক সরাসরি নখের সংস্পর্শে আসে না।


সামান্য উপকরণে বাজিমাত

বাড়িতে নেল আর্ট করতে খুব বেশি কিছু লাগে না। একটি ওয়াটার কালার নেলপলিশ, সিলভার ও পার্পেল রঙের নেলপলিশ, একটি টুথপিক এবং নেলপলিশ রিমুভার থাকলেই শুরু করা যায়।

নখের সহজ ট্রেন্ডি নকশা

চিরকালীন ক্লাসিক ফ্রেঞ্চ ম্যানিকিয়োর: ফ্রেঞ্চ ম্যানিকিয়োর সব বয়সের জন্যই মানানসই এবং কখনও ট্রেন্ডের বাইরে যায় না। স্বাভাবিক নখের রঙের উপর হালকা উজ্জ্বল ছোঁয়া এই নকশার বিশেষত্ব।

পদ্ধতি: প্রথমে ওয়াটার কালার নেলপলিশ দিয়ে বেস কোট করুন। শুকিয়ে গেলে হালকা গোলাপি রঙের দু’কোট লাগান। এরপর নখের উপরের অংশে সাদা রং দিয়ে ধীরে ধীরে টিপ আঁকুন। পুরোপুরি শুকিয়ে গেলে একটি স্বচ্ছ নেলপলিশের কোট দিন। এতে নখে উজ্জ্বল ও পরিচ্ছন্ন লুক আসবে। নতুনরা শুরু করতে পারেন এই ডিজাইন দিয়ে।

মেটালিক টাচে উৎসবের ঝলকঃ যে কোনও অনুষ্ঠান বা উৎসবে নজর কাড়তে চাইলে মেটালিক নেল আর্ট সেরা পছন্দ হতে পারে। প্যাস্টেল ও উজ্জ্বল রঙের মিশ্রণে তৈরি এই লুক তারকাদের হাতেও দেখা যায়। গাঢ় ও হালকা রঙের কনট্রাস্ট ব্যবহার করলে নখে আসবে আলাদা মাত্রা।

প্যাস্টেল প্রেমঃ এখন প্যাস্টেল রঙের জনপ্রিয়তা তুঙ্গে। ডাস্টি ব্লু, ডাস্টি গ্রিন বা জেন্টল ল্যাভেন্ডারের মতো শেড নখে দিলে তা স্নিগ্ধ, মার্জিত লুক দেয়। যে কোনও পোশাকের সঙ্গেই মানিয়ে যায় এই ধরনের নেল আর্ট।

স্টাইলিশ পলকা ডটস: পলকা ডটস কখনও পুরনো হয় না। লাল বা কালো বেসের উপর সাদা রং দিয়ে ছোট ছোট ডট তৈরি করুন। টুথপিক ব্যবহার করলেই সহজে গোল বিন্দু আঁকা যায়। এই ডিজাইন ছিমছাম, কিন্তু নজরকাড়া।

মার্বল নেল আর্টে সৃজনশীলতাঃ মার্বল নেল আর্ট দেখতে জটিল হলেও বানানো খুব কঠিন নয়। তিন-চার রঙের নেলপলিশ, একটি বড় বাটি জল, টুথপিক ও পেট্রোলিয়াম জেলি দিয়েই সহজে করতে পারেন নখের এই নকশা। 

পদ্ধতিঃ প্রথমে নখের চারপাশে পেট্রোলিয়াম জেলি লাগান। তারপর জলে এক ফোঁটা করে আলাদা আলাদা রঙের নেলপলিশ ফেলুন। এতে বৃত্তের মতো ছাপ তৈরি হবে। টুথপিক দিয়ে নিজের মতো নকশা বানিয়ে নিন। এরপর আঙুল ধীরে জলে ডুবিয়ে তুলে নিন। অতিরিক্ত রং সাবধানে মুছে ফেললেই তৈরি মার্বল ডিজাইন।