আজকাল ওয়েবডেস্ক: উদ্বেগ মানসিক চাপের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। আজকের বিশ্বে, এই সমস্যার মুখোমুখি প্রায় সকলেই। শুধুমাত্র, অফিস, রাজনীতি বা সম্পর্কের ক্ষেত্রে নয়, সমীক্ষার দাবি ব্যক্তিগত চাহিদা থেকেও অনেক সময় উদ্বেগ তৈরি হয়। যখন আমরা কোনও বিষয় নিয়ে স্ট্রেস করি তখন এটি আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করতে শুরু করে। কর্টিসলের মতো স্ট্রেস হরমোন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিকিৎসকের মতে, কিছু হরমোনের ভারসাম্যহীনতাও মানসিক চাপ সৃষ্টি করে। এটা প্রমাণিত যে, আমরা যখন মানসিক চাপে থাকি, তখন আরামের জন্য আমরা অনেকসময় লোভনীয় মশলাদার খাবার খাই। যা আরও ক্ষতির কারণ। থেরাপিস্টের মতে বেশ কিছু খাবার আছে যা স্নায়ুকে শান্ত করতে সহায়তা করতে পারে। সেগুলো কী?
গোটা শস্য থেকে তৈরি কমপ্লেক্স কার্বোহাইড্রেট রক্ত ​​প্রবাহে দীর্ঘস্থায়ী শক্তি নিঃসরণ নিশ্চিত করে। কার্বোহাইড্রেটগুলি মস্তিষ্কে সেরোটোনিন নামক রাসায়নিককে উত্সাহিত করে যা সুখী হরমোন নামেও পরিচিত।
প্রতিদিনের ডায়েটে সাইট্রাস ফল অন্তর্ভুক্ত করুন। এগুলো ভিটামিন সি-এর সবচেয়ে সমৃদ্ধ উৎস, যা মানসিক চাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ভিটামিন সি, কর্টিসল মাত্রা প্রতিরোধ করে শারীরিক এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।
ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান। সবুজ শাক সবজি এর সবচেয়ে বড় উৎস। পালং শাক, অ্যাভোকাডো, মটরশুটি , কলা এগুলো স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
এছাড়াও জিঙ্ক সমৃদ্ধ খাবার উপকারী। যা বাদাম, ও মুরগির ডিমে পাওয়া যায়। জিঙ্ক শরীরকে মানসিক চাপ মোকাবেলায় সাহায্য করে। স্নায়ু শান্ত রাখে।
অক্সিডেটিভ স্ট্রেস কমাতে কার্যকরী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।
পাশাপাশি, চা, ডার্ক চকোলেট স্ট্রেস কমাতে খুবই উপকারী।
আয়ুর্বেদ মতে, অশ্বগন্ধা ও ব্রাহ্মী মানসিক চাপ কমাতে কার্যকরী।