আজকাল ওয়েব ডেস্ক: বাঙালি বরাবরই চা প্রেমী! রোজ সকালে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক যেন সারা দিনের এনার্জি জোগায়। তবে শুধুই তো সকালে নয়, দিনভর নানা ছুঁতোয় চলতে থাকে চা পান। কিন্ত যতই পছন্দের হোক, জানেন দিনে ঠিক কতবার চা খাওয়া উচিত? কতটা বেশি চা খেলে ক্ষতির আশঙ্কা থাকে? বড়সড় বিপদে পড়ার আগে জানুন আসল হিসেব।
চায়ের ধরন অনেক রকমের হয়। সেই ধরন অনুযায়ী শরীরের উপর প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, সারাদিনে মোটামুটি ৩ থেকে ৪ কাপ লিকার চা খাওয়া যায়। এই নিয়মটা মেনে চললে অসুস্থ হওয়ার সম্ভাবনা তেমন থাকে না। এর থেকে বেশি পরিমাণে চা খেলেই বিগড়াতে পারে স্বাস্থ্যের হাল। বিশেষ করে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। একইসঙ্গে দু’বার চা খাওয়ার মধ্যে থাকতে হবে সময়ের ব্যবধান।
অনেকের আবার লিকার চা মুখ একটা পছন্দ নয়। কিন্তু দুধ চা যে শরীরের জন্য মোটেও ভাল নয়। তবে যাঁরা একান্তই দুধ চা খেতে চান, তাঁরা ডাবল টোন দুধ দিয়ে চা বানানোর চেষ্টা করুন। আর এই চা দিনে ২ বার পান নৈব নৈব চ। একইসঙ্গে কোন কাপে চা খাচ্ছেন তাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। খুব বড় নয়, মাঝারি ধরনের কাপেই চা খাওয়ার অভ্যেস করুন।
অনেকেই চায়ে বেশি চিনি মিশিয়ে খান। বিশেষ করে দুধ চায়ে চিনি দিয়ে খেলে পেটের সমস্যার সঙ্গেই বাড়তে পারে ওজনও। সঙ্গে হানা দিয়ে পারে ডায়াবিটিস, কোলেস্টেরল, হাইপ্রেশার সহ একাধিক ক্রনিক রোগ। তাই চেষ্টা করুন চিনি ছাড়া চা খাওয়ার। সবচেয়ে ভাল হয়, যদি চিনি ছাড়া লিকার চা খেতে পারেন। আর একেবারেই মিষ্টি ছাড়া খেতে না পারলে কিছুটা মধু মেশাতে পারেন। একইসঙ্গে গ্রিন টি কিংবা ভেষজ চা খাওয়ার অভ্যাস করলে উপকার পাবেন।
















