পেট ফাঁপা বা ব্লোটিং এখন খুব সাধারণ সমস্যা। অনেকেই মনে করেন, বেশি খাওয়া বা গ্যাসের কারণেই এমন হয়। কিন্তু চিকিৎসকদের মতে, বারবার পেট ফুলে গেলে সেটিকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। সব সময় এটি সাধারণ অ্যাসিডিটির লক্ষণ নাও হতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, মাঝে মাঝে পেট ফাঁপা স্বাভাবিক। তেল-মশলাযুক্ত খাবার, অতিরিক্ত ফাস্টফুড, কোল্ডড্রিঙ্কস, খুব দ্রুত খাওয়া বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে পেট ফুলে যেতে পারে। কিন্তু যদি সপ্তাহে কয়েকবার এমন হয়, বা দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকে তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।
চিকিৎসকদের মতে, ঘনঘন ব্লোটিং ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), ল্যাকটোজ ইনটলারেন্স, গ্লুটেন সংবেদনশীলতা বা অন্ত্রের সংক্রমণের ইঙ্গিত হতে পারে। অনেক সময় অন্ত্রে ভাল ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলেও এই সমস্যা দেখা দেয়। মহিলাদের ক্ষেত্রে হরমোনের পরিবর্তন, বিশেষ করে ঋতুস্রাবের আগে পেট ফাঁপার প্রবণতা বাড়তে পারে।
আরও কিছু সতর্ক সংকেত আছে, যেগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যেমন প্রচন্ড পেটব্যথা, হঠাৎ ওজন কমে যাওয়া, মলে রক্ত, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, খাওয়ার রুচি কমে যাওয়া। এই উপসর্গগুলি থাকলে তা গুরুতর অসুখের লক্ষণও হতে পারে।
চিকিৎসকদের পরামর্শ দেন, জীবনযাপনে কিছু পরিবর্তন আনলে অনেক সময় এই সমস্যা কমানো যায়। ধীরে ধীরে খাবার খাওয়া, বেশি আঁশযুক্ত খাবার খাওয়া, পর্যাপ্ত জল পান করা এবং নিয়মিত ব্যায়াম করা উপকারী। কোন খাবার খেলে সমস্যা বাড়ছে তা লক্ষ্য রাখাও জরুরি।
বারবার পেট ফাঁপাকে ‘সাধারণ গ্যাস’ বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। শরীরের এই সংকেতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনে পরীক্ষা করানোই শ্রেয়। সময়মতো সচেতন হলে বড় সমস্যা এড়ানো সম্ভব, বলেন বিশেষজ্ঞরা।
