আজকাল অল্পবয়সেই জাঁকিয়ে বসছে নানা জটিল রোগ। থাইরয়েড, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন বা চুল পড়ার সমস্যায় ভুগছেন অনেকেই। ব্যস্ত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অতিরিক্ত মানসিক চাপ সহ নানা কারণে ক্রমশ বাড়ছে এই সব সমস্যা। যার জন্য শুধু ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে খাদ্যাভাসেও জোর দেওয়া জরুরি। সঠিক খাবার শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

পুষ্টিবিদরা এমন একটি ছোট্ট বীজের কথা বলেন যা নিয়মিত খেলে শরীরের নানা সমস্যায় উপকার মিলতে পারে। সেই খাবারটি হল কালোজিরে। আকারে খুব ছোট হলেও এই বীজে রয়েছে প্রচুর পুষ্টিগুণ।  

বিশেষজ্ঞদের মতে, কালোজিরেতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এগুলো শরীরের প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অনেক সময় শরীরে প্রদাহ বাড়লে থাইরয়েড বা অন্যান্য হরমোনজনিত সমস্যা দেখা দেয়। তাই নিয়মিত অল্প পরিমাণে কালোজিরে খেলে শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।

পুষ্টিবিদদের মতে, কালোজিরে থাইরয়েড গ্রন্থির কাজ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সহায়ক হতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কালোজিরে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। শরীরের ইনসুলিনের কাজকে আরও কার্যকর করে। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ভূমিকা নিতে পারে।

অনেকেই ওজন কমানোর চেষ্টা করেন কিন্তু সহজে ফল পান না। কালোজিরে শরীরের মেটাবলিজম বা বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করতে পারে। ফলে শরীরের অতিরিক্ত চর্বি দ্রুত ঝরে। 

চুল পড়া কমাতে পারে কালোজিরে। এই বীজে থাকা পুষ্টিগুণ চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে। এতে স্ক্যাল্প বা মাথার ত্বকের স্বাস্থ্যও ভাল থাকে, ফলে চুল পড়া কিছুটা কমতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে অল্প পরিমাণ কালোজিরে বা কালোজিরের গুঁড়ো হালকা গরম জলের সঙ্গে খাওয়া যেতে পারে। তবে যারা কোনও ক্রনিক রোগে ভুগছেন তাঁদের অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।