আপনার অজান্তেই, অসতর্ক ভাবে করা একটা ছোট্ট কাজ আপনার বড় ক্ষতি করতে পারে। বায়োমেট্রিক তথ্য তুলে দিতে পারে সাইবার অপরাধীদের হাতে। কী সেই কাজ? কথায় কথায় ভিক্টরি সাইন দেখান, বিশেষ করে ছবি তোলার সময়। কিংবা অন্য কোনও হ্যান্ড সাইন দেখান। এই কাজ করেন? তাহলে এখনই সতর্ক হন। জানুন কী বলছে বিশেষজ্ঞ।
বিশেষজ্ঞদের দাবি, বর্তমান সময়, একাধিক ফোনেই অত্যাধুনিক ক্যামেরা রয়েছে, যা নিখুঁত, স্পষ্ট ছবি তোলে। আবার এআইয়ের দাপটও বাড়ছে দিন দিন। ফলে ভিক্টরি বা অন্য হ্যান্ড সাইন দেখিয়ে ছবি তুললে আপনার অজান্তেই সেখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বের করে নেওয়া সম্ভব। বিশেষ করে যদি সেই ছবি ক্লোজ আপে তোলা হয়, তবে সেই বিপদের ঝুঁকি আরও বেড়ে যায়। আর আজকাল যে হারে সাইবার ক্রাইম এবং তার ধরন বাড়ছে, তাতে এই বিপদের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।
ফলে আপনার তোলা ভিক্টরি বা অন্য হ্যান্ড সাইন দেখিয়ে তোলা ছবি আপনার জন্যই রিস্কের কারণ হতে পারে। ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে। আর বায়োমেট্রিক তথ্য বেহাত হলে বড় ক্ষতি হতেই পারে। আজকাল ফোনের লক থেকে পরিচিতি, অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়েই বায়োমেট্রিক তথ্য ব্যবহার করা হয়। সেখানে এই তথ্য বেহাত হওয়া মোটেই কাজের কথা নয়।
তাই কী করণীয়? কোনও হ্যান্ড সাইন, বিশেষ করে ভিক্টরি সাইন দেখিয়ে ছবি তুলবেন না। ছবিতে যেন কোনও ভাবেই আপনার আঙুল স্পষ্ট ভাবে বোঝা না যায়, বা সেটা ক্যামেরার দিকে তাক না করে থাকে। কাছ থেকেও যেন সেই ছবি তোলা না হয়। ছোট ছোট বিষয়ে সতর্ক থাকলেই বড় বিপদ এড়ানো সম্ভব।















