আজকাল আমাদের জীবনযাত্রা প্রায় সবই স্ক্রিনের সঙ্গে জড়িত। অফিসে কম্পিউটার, ক্লাসে ল্যাপটপ, আর ফ্রি টাইমে মোবাইল, সব মিলিয়ে অনেকেই দিনে ৮–১০ ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে আট থেকে আশি। কিন্তু চক্ষুবিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকলে চোখের সমস্যা হতে পারে। এটি শুধু অস্থায়ী সমস্যা নয়, দীর্ঘদিনের অভ্যাসে চোখের স্বাস্থ্য দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্ক্রিনের দিকে দীর্ঘ সময় তাকানোর প্রভাব
দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইলের দিকে তাকালে চোখ শুষ্ক হয়ে যেতে পারে। অনেকেরই চোখ লাল হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা, মাঝে মাঝে চোখ বা মাথা ব্যথা হয়। স্ক্রিন থেকে বেরিয়ে আসা 'ব্লু লাইট' চোখের জন্য ক্ষতিকারক। এটি রাতের ঘুমকে ব্যাহত করতে পারে এবং চোখের দীর্ঘস্থায়ী ক্ষতির ঝুঁকি থাকে। শিশু বা তরুণদের ক্ষেত্রে, দীর্ঘ সময় স্ক্রিনের ব্যবহার চোখের রিফ্রাকশন পরিবর্তন করতে পারে, ফলে চশমার প্রয়োজন বাড়ে।
কীভাবে চোখের স্বাস্থ্য ঠিক রাখবেন
২০–২০–২০ নিয়ম মেনে চলুনঃ প্রতি ২০ মিনিট স্ক্রিনের দিকে তাকানোর পরে ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে কোনও কিছু দেখুন। এটি চোখের পেশিকে বিশ্রাম দেয় এবং চাপ কমায়।
চোখ ভেজা রাখুন: স্ক্রিনের দিকে বেশি তাকালে চোখ শুষ্ক হয়ে যায়। মাঝে মাঝে চোখের ড্রপ ব্যবহার করতে পারেন, অথবা চোখ বন্ধ করে বিশ্রাম দিন।
স্ক্রিনের দূরত্ব ও আলো ঠিক রাখুন: কম্পিউটার বা ল্যাপটপ চোখ থেকে ২০–২৫ ইঞ্চি দূরে রাখুন। স্ক্রিনের উজ্জ্বলতা পরিবেশের আলো অনুযায়ী ঠিক করুন, খুব উজ্জ্বল বা অন্ধকার হওয়া উভয়ই চোখকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
চোখের ব্যায়াম করুন ও ব্রেক নিন: দিনে কয়েকবার চোখের ব্যায়াম করুন। মাঝে মাঝে স্ক্রিন থেকে দূরে হাঁটুন বা চোখ আলতো চাপ দিন, এতে চোখের পেশি আরাম পাবে।
স্ক্রিনের সময় সীমিত করুন: প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকানো এড়িয়ে চলুন। বিশেষ করে রাতে মোবাইল বা টিভি ব্যবহারের আগে চোখের উপর চাপ কমান।
চোখের সমস্যা প্রথমে ছোটখাটো হলেও সময়মতো সতর্ক না হলে বড় সমস্যা হয়ে যেতে পারে। তাই নিয়মিত চোখ পরীক্ষা করানো, স্ক্রিন ব্যবহারের সময় সীমিত রাখা এবং এই সতর্কতা মেনে চলা খুব জরুরি। সঠিক অভ্যাসের মাধ্যমে দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসলেও চোখের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব।
