দিগন্তবিস্মৃত সমুদ্র, সৈকতের উদ্দাম হাওয়ায় অবাধ বিলাসিতা, পাহাড়-নীল সমুদ্রের মাঝে সবুজ অরণ‍্যে ঘেরা গোয়া বরাবরই ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় থাকে। শুধু প্রকৃতি নয়, গোয়ার অন‍্যতম আকর্ষণ স্থানীয় খাবারও। যা গোয়ায় গেলে চেখে দেখতে চান কম-বেশি সকলেই। তবে গোয়ার সুস্বাদু খাবারের স্বাদ নিতে আর কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে না। কলকাতাতেই পেয়ে যাবেন হরেক রকম গোয়ান খাবারের পদ। অভিনব আয়োজন করেছে কলকাতার 'চ্যাপ্টার ২' রেস্তোঁরা। 

সম্প্রতি শহরের জনপ্রিয় রেট্রো ডাইনিং রেস্তোঁরা 'চ্যাপ্টার ২' তুলে এনেছে এক টুকরো গোয়া। গত ১১ আগস্ট থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত 'গোয়া ফুড ফেস্টিভ্যাল'। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এই ফুড ফেস্টিভ্যালে গোয়ার সমুদ্রতীরবর্তী খাবারের আসল স্বাদ উপহার দিচ্ছে 'চ্যাপ্টার ২'। মাত্র ২০০ থেকে এই রেস্তোঁরা এলাহি খাবারের আয়োজন করেছে।

আরও পড়ুনঃ লিভার একেবারে ঝাঁঝরা হয়ে যাবে! কোন কোন খাবারে বিপদ, পাতে রাখবেনই বা কী, জেনে নিন

এবার 'গোয়ান ফুড ফেস্টিভ্যাল'-এ এক বিশাল পরিসরের আইকনিক খাবারের মাধ্যমে গোয়ার খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। মেন কোর্স থেকে ডেসার্ট সহ উপকূলীয় সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে। এককথায় খাদ্যরসিকরা শহরের মাঝেই গোয়ার স্বাদ ও আবহ উপভোগের এক বিশেষ সুযোগ পাবেন 'চ্যাপ্টার ২'-তে।

এ বছরের বিশেষ মেনু সাজিয়েছেন ডাব্লুবিএফডিসি-র ভাইস চেয়ারম্যান, মিস মারিয়া ফার্নান্দেস। রেস্তোঁরাতে গোয়ার গোয়ান স্কুইড চিলি ফ্রাই, পর্ক সসেজ চিলি ফ্রাই, গোয়ান ফিশ ক্রোকেট, ক্রিস্পি ফ্রাইড বোম্বিল, বীয়ার ব্যাটার্ড প্রনস, পমফ্রেট রেচিয়াডো, পর্ক সরপোটেল, প্রন বালচাও, গোয়ান ফিশ কারি, পর্ক ভিন্দালু সহ গোয়ার অসংখ্য ঐতিহ্যবাহী পদ পেয়ে যাবেন। 

আরও পড়ুনঃ সন্তান প্রায়ই পেট ব্যথায় ভোগে? অবহেলা নয়, এই ৫ লক্ষণ দেখলে বুঝবেন শিশুর শরীরে বাসা বেঁধেছে মারাত্মক রোগ

শুধু আমিষ নয়, নিরামিষাশীদের জন্যও থাকছে বিশেষ পদ, যেমন ফ্রেঞ্চ বিন ফুগাথ, মিক্সড ভেজ জাকুতি, মাশরুম চিলি ফ্রাই। শেষ পাতে খেতে পারেন গোয়ার বিখ্যাত দোদোল ও বেবিনকা। পানীয় মেনুতে থাকছে গোয়া থিমড ককটেল ও মকটেল মাল্টা অরেঞ্জ অ্যান্ড টিয়া মারিয়া, ওয়াটারমেলন মোহিতো, চিলি গাভা ইত্যাদি।

চ্যাপ্টার ২-এর সহ-প্রতিষ্ঠাতা শিলাদিত্য ও দেবাদিত্য চৌধুরীর কথায়, “গোয়ান খাবার গোয়ার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। এবছর আমরা আরও বড় ও আসল স্বাদের আয়োজন করছি, যেখানে অতিথিরা পাবেন গোয়ার পরিচিত মশলার স্বাদ, ককটেল এবং লাইভ রেট্রো মিউজিক।”