বার্ধক্যের গতি কমিয়ে দেওয়া কি সত্যিই সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন এক গবেষণায় উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিজ্ঞানীদের দাবি, নিয়মিত মাল্টিভিটামিন খেলে শরীরের বয়স বাড়ার গতি সামান্য কমতে পারে।


গবেষণায় প্রায় ৯৫০ জন বয়স্ক মানুষকে নিয়ে দুই বছর ধরে পরীক্ষা চালানো হয়। অংশগ্রহণকারীদের একদল প্রতিদিন মাল্টিভিটামিন খেয়েছেন, আর অন্যদল খেয়েছেন অন্য ধরনের ওষুধ। এরপর তাঁদের শরীরের ভেতরের পরিবর্তন খতিয়ে দেখা হয়।
ফলাফল বলছে, যারা নিয়মিত মাল্টিভিটামিন নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে 'জৈবিক বয়স' বাড়ার গতি কিছুটা কমে গিয়েছে। সহজ করে বললে, শরীরের কোষ ও স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী বয়স প্রায় ২ থেকে ৫ মাস কম গতিতে এগিয়েছে।


তবে এই ফল সব ক্ষেত্রে একরকম ছিল না। কিছু পরীক্ষায় ভাল প্রভাব দেখা গেলেও, কিছু ক্ষেত্রে তেমন কোনও বড় পরিবর্তন ধরা পড়েনি। তাই বিশেষজ্ঞরা বলছেন, মাল্টিভিটামিনকে বার্ধক্য থামানোর নির্ভরযোগ্য উপায় হিসেবে ধরা ঠিক হবে না।


গবেষণায় আরও জানা গিয়েছে, যাঁদের শরীরে আগে থেকেই পুষ্টির ঘাটতি ছিল, তাঁদের ক্ষেত্রে এই ভিটামিন বেশি কার্যকর হয়েছে। অর্থাৎ, শরীরে যদি প্রয়োজনীয় পুষ্টি আগেই থাকে, তাহলে অতিরিক্ত মাল্টিভিটামিন খেলে বিশেষ লাভ নাও হতে পারে।


চিকিৎসকদের মতে, মাল্টিভিটামিন কোনও জাদুকরী সমাধান নয়। সুস্থ ও দীর্ঘদিন তরুণ থাকতে হলে সঠিক খাবার, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


গবেষণা বলছে, মাল্টিভিটামিন কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু ভাল জীবনযাপনের বিকল্প হিসেবে একে ধরা যাবে না।