আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে চিকিৎসা ব্যবস্থায় আর গাফিলতি কোনও ভাবেই বরদাস্ত নয়। যদিও এই নিয়ে পূর্বেই মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। এবার সেই পরিকল্পনা এবং রোগীদের স্বাস্থ্য সচেতনতায় ও চিকিৎসা ব্যবস্থাকে আরও মজবুত করতে পদক্ষেপ করা হল। মূলত হাসপাতাল পরিষেবার মানোন্নয়ন, রোগী পরিষেবায় স্বচ্ছতা এবং অভিযোগ নিষ্পত্তিকে আরও কার্যকর করতে তাই বড় পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। সোমবার স্বাস্থ্য ভবনে আনুষ্ঠানিকভাবে শুরু হল কন্ট্রোল রুম।
IPHS (Indian Public Health Standards) নির্দেশিকা অনুযায়ী হাসপাতাল পরিষেবার নিয়মিত তদারকি ও মাঠপর্যায়ের ইউনিটগুলির সঙ্গে যোগাযোগ আরও মজবুত করতে স্বাস্থ্য ভবনে একটি সমন্বিত কন্ট্রোল রুম (Integrated Control Room) গঠনের নির্দেশ জারি করা হয়েছিল। সেই কন্ট্রোল রুমের শুভ সূচনা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, এই কন্ট্রোল রুমটি স্বাস্থ্য ভবনের মূল ভবনের বি উইং-এর পঞ্চম তলা থেকে পরিচালিত হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দু’টি শিফটে চলবে কন্ট্রোল রুম। সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন দুটটি শিফটে কন্ট্রোল রুম কাজ করবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে দুপুর ২টো, দ্বিতীয় শিফট দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা। জনসাধারণ ও তৃণমূল স্তরের ইউনিটগুলির সুবিধার্থে কন্ট্রোল রুমের জন্য নির্দিষ্ট যোগাযোগ নম্বরও চালু করা হয়েছে। যোগাযোগ করার ফোন নম্বর ৮১০০৩ ১৯১৯৩, ৯৯০৩৫ ০৯৮৮৮। ল্যান্ডলাইন নম্বর ০৩৩-২৩৩৩ ০৫৪২, ২৩৫৭ ৭৯২৬, ২৩৫৭ ৭৯৩২
আরও জানা গিয়েছে, কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একাধিক অভিজ্ঞ চিকিৎসক, প্রশাসনিক আধিকারিক ও টেকনিক্যাল কর্মীরা। তাঁদের মধ্যে রয়েছেন সহযোগী অধ্যাপক, মেডিক্যাল অফিসার, রাজ্য পরামর্শদাতা, নির্বাহী সহকারী এবং ডেটা এন্ট্রি অপারেটররা। কন্ট্রোল রুমের দৈনন্দিন পরিচালন ও তদারকির দায়িত্বে থাকবেন ডা. দীপঙ্কর মাইতি (পরিচালক, হাসপাতাল প্রশাসন)। এছাড়াও রিপোর্ট বিশ্লেষণ ও উপস্থাপনার কাজে কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবেন শ্রী সুদীপ মল্লিক (কনসালট্যান্ট, SPSRC) এবং শ্রী মৈসনাম নীরেশ (কনসালট্যান্ট, ওয়ার্ল্ড ব্যাংক প্রোগ্রাম)। এই কন্ট্রোল রুমের মূল দায়িত্বগুলির মধ্যে রয়েছে— এক, হাসপাতাল পরিষেবার দৈনিক ড্যাশবোর্ড পর্যবেক্ষণ। দুই, যে কোনও অসামঞ্জস্য বা সমস্যার ক্ষেত্রে মাঠপর্যায়ের ইউনিটগুলির সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, পূর্ববর্তী আদেশ মেনে রেফারাল কন্ট্রোল রুম আগের মতোই একই স্থানে কাজ চালিয়ে যাবে। রেফারাল সংক্রান্ত পরিষেবার জন্য নির্দিষ্ট নম্বর ৯৮৩৬৭ ২৯৮৭৮ ব্যবহার করা হবে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মতে, এই সমন্বিত কন্ট্রোল রুম চালু হওয়ার ফলে রাজ্যের হাসপাতাল পরিষেবায় নজরদারি আরও শক্তিশালী হবে। রোগী পরিষেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই কন্ট্রোল রুম।
